
নাট্যকর্মী ও আবৃত্তিকার— একের ভেতর দুই আর কাকে বলে! ছোটবেলা থেকে নাটকের প্রতি ছিল ভীষণ ভালোবাসা। এই ভালোবাসার কারণে স্কুলে পড়া অবস্থায় সহপাঠীদের জন্য নাটক লিখতেন তিনি। তারপর শুরু হতো অভিনয়ের পালা। বলছিলাম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জোহানা শারমীনের কথা।জোহানা বলেন, ‘ছোটবেলা থেকে একজন ভালো প্রকৌশলী হওয়ার স্বপ্ন ছিল। আর স্বপ্ন ছিল একজন ভালো অভিনেত্রী হব। এর জন্য স্কুল ও কলেজে আমার বন্ধুদের নিয়ে নাটক লিখতাম, সঙ্গে সঙ্গে অভিনয়ও করতাম।’জোহানা শারমীন জানান, ঝিনাইদহ জেলার দুর্গাপুর গ্রামে তাঁর জন্ম। চার ভাইবোনের মধ্যে জোহানা তৃতীয়। অবশ্য বড় হয়েছেন ঢাকায়। বাবা গোলাম রসুল অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, মা বেগম খায়রুন নাহার গৃহিণী। ঢাকার হলিক্রস স্কুল ও কলেজের পাঠ শেষ করে এখন পড়ছেন কুয়েটে।খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে কুয়েট থিয়েটার ও ক্যাম্পাসের আবৃত্তি সংগঠন ‘অ’-এর সঙ্গে যুক্ত হন। ক্যাম্পাসে বিভিন্ন অনুষ্ঠানে আবৃত্তি করে থাকেন তিনি। আর কুয়েট থিয়েটার কর্তৃক বছরের বিভিন্ন জাতীয় উৎসবগুলোতে প্রদর্শিত নাটকে অভিনয় করে ক্যাম্পাসে বেশ জনপ্রিয়তা পেয়েছেন জোহানা। আবৃত্তি ও নাটকের মাধ্যমে তিনি ক্যাম্পাসে এখন সবার কাছে পরিচিত।লেখাপড়ার চাপ থাকা সত্ত্বেও সংস্কৃতির চর্চা চালিয়ে যাচ্ছেন জোহানা। অবসর পেলে নিজে লিখতে বসেন কবিতা। প্রিয় কবিদের মধ্যে রয়েছেন নির্মলেন্দু গুণ ও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ।জোহানা বলেন, ‘চাই একজন ভালো প্রকৌশলী হতে আর স্বপ্ন দেখি সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে সমাজ বদলের।’তিনি জানান, একটি দেশের বড় পরিচয় তাঁর সংস্কৃতি। আমাদের দেশের সংস্কৃতি গণমানুষের কথা বলবে। শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংস্কৃতি হাতিয়ার হিসেবে কাজ করবে। স্বপ্ন দেখেন সংস্কৃতি হবে সর্বজনীন। আর মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না। তিনি চান অভিনয় ও আবৃত্তি চর্চার মধ্য দিয়ে দেশের সব অসংগতি তুলে ধরতে। অধিকারবঞ্চিত মানুষের অধিকার অর্জনে নাটককে সঙ্গী করে লড়াই করতে।