জোহানেসবার্গে তথ্যপ্রযুক্তি নিয়ে কর্মশালা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে গতকাল সোমবার সকাল থেকে শুরু হয়েছে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), জলবায়ু পরিবর্তন এবং উন্নয়ন’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা। কানাডার গবেষণা প্রতিষ্ঠান আইডিআরসি ও অ্যাসোসিয়েশন ফর প্রোগ্রেসিভ কমিউনিকেশনের (এপিসি) সহযোগিতায় যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় এই কর্মশালার আয়োজন করেছে। বাংলাদেশসহ প্রায় ১৫টি দেশের ৪০ জন প্রতিনিধি এতে অংশ নিচ্ছেন। উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি বিষয়ের বিশেষজ্ঞ রিচার্ড হিডের পরিচালনায় এ কর্মশালায় জলবায়ু পরিবর্তনের কারণ এবং এর প্রতিকারে আইসিটির সংযুক্তি নিয়ে নানা রকম আলোচনা চলছে। কর্মশালার প্রথম দিনে তথ্যপ্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের নানা দিক কয়েকটি মডেলের মাধ্যমে তুলে ধরে এই বিষয়ে মতবিনিময় হয়েছে। পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া অথবা জলবায়ু পরিবর্তনের মূল কারণগুলো দূর করার বিষয়ে কর্মশালার একাধিক সেশনে বিতর্ক হচ্ছে। আজ মঙ্গলবার কর্মশালার শেষ দিনে এ ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক করণীয়সমূহ নির্ধারণ করার চেষ্টা করা হবে। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রকল্প এবং এপিসির সদস্য সংস্থার প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দিয়েছেন। —জোহানেসবার্গ (দক্ষিণ আফ্রিকা) থেকে মুনির হাসান