
তাঁরা পাঁচজনের চারজনেই কৃষি রসায়ন বিভাগে স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী। এই দল গ্রুপ স্ট্যাডিতে ব্যস্ত বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের পাশেই। যে জায়গাগুলোতে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা গল্পের ফুলঝুরি নিয়ে বসেন, এই বেদিমূল তেমনি একটি। এক আড্ডায় তাঁদের সঙ্গে কথা হলো। রংপুরের ছেলে রেদওয়ানুলের লক্ষ্য কীভাবে দেশে শাক-সবজির চাষ তিন গুণ করা যায়। আর তাই তিনি ব্যস্ত গবেষণার কাজে। শুধু রেদওয়ান বা সুমাইয়া, নাজমা নন; কৃষি রসায়ন বিভাগের অধিকাংশ শিক্ষার্থীই ব্যস্ত ‘ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ মোকাবিলা করে কীভাবে দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করা যায়’ এ বিষয়ে গবেষণায়। সৈয়দপুরের নাজমা আকতার শোনান তাঁর নতুন স্বপ্ন ছোঁয়ার গল্প, ‘আমরা কৃষি বিষয়ে গবেষণায় নতুন কিছু করতে পারব, এর চেয়ে নিশ্চয় আনন্দের কিছু থাকতে পারে না।’
ঠাকুরগাঁওয়ের মেয়ে সুলতানা ফেরদৌসের পছন্দ ব্যাডমিন্টন খেলা। ‘পরীক্ষা যেন পিছু ছাড়ে না, তবু প্রতিদিন বিকেলেই ছুটে যাই বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে ব্যাডমিন্টন খেলতেভ’ বললেন সুলতানা।
নানা আলাপচারিতায় আমরা ডুব দিয়েছি। সিনেমাভক্ত লোকমান, যিনি এতক্ষণ নীরব শ্রোতা হয়ে সবার কথা শুনছিলেন, তিনি মেলে ধরলেন তাঁর স্বপ্নের ঝাঁপি। এভাবেই একেকজন খুলে বসেছেন বিশ্ববিদ্যালয়জীবনের পড়ালেখা, ভবিষ্যৎ ভাবনা নিয়ে স্বপ্ন দেখার গল্প। যেমন সুমাইয়ার বেড়ে ওঠা রংপুর শহরে। কিন্তু শহুরে জীবন নাকি তাঁর মোটেই ভালো লাগে না। তাই বেশ মিতালি হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের হাজার রকমের গাছগাছালির সঙ্গে। ছোটবেলায় পথ চলতে দৃশ্যমান সব গাছের নাম জানতে ভীষণ কৌতূহলী চোখ এখন খোঁজে সেই সব গাছের জন্মরহস্য!
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যখন পৌঁছাই, ঘড়ির কাঁটা তখন সকাল ১০টা ছুঁই ছুঁই। গল্পে-আড্ডায় এখন দুপুর গড়িয়েছে। ক্লাস শেষে শিক্ষার্থীদের ভিড় বাড়তে থাকে আড্ডাস্থলগুলোতে। উচ্ছল প্রাণে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। আমরা সেই মুখরিত উচ্ছলতাকে পাস কাটিয়ে বিদায় নিই।