জ্ঞান-বিজ্ঞানের জানালা
৮ অক্টোবর, সোমবার। ঘড়ির কাঁটা তখনো সকাল আটটার ঘরে পৌঁছায়নি। এর মধ্যেই শিক্ষার্থীরা জড়ো হতে থাকে টাঙ্গাইলের বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজের মাঠে। সাড়ে আটটার মধ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভরে যায় উৎসব চত্বর। আগত শিক্ষার্থীদের অনেকেই নিয়মিত ইন্টারনেট ব্যবহার করে। আবার অনেকেই শুধু ইন্টারনেটের নাম শুনেছে। ওরা সবাই উৎসবে এসেছে ইন্টারনেট সম্পর্কে জানতে ও বুঝতে।বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী আররাফী হোসেন। জন্ম থেকেই ও শারীরিক প্রতিবন্ধী। কিন্তু প্রতিবন্ধিতা ওকে দমাতে পারেনি। ক্রাচে ভর দিয়ে উৎসবে যোগ দিতে ছুটে এসেছিল। সে জানায়, ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্ব ঘুরতে পারে সে। তাই এর প্রতি এত আগ্রহ।সৃষ্টি কলেজ অব টাঙ্গাইলের শিক্ষার্থী অম্লান বসু বলে, ‘মুঠোফোনে ইন্টারনেট থাকা মানে সারা বিশ্ব হাতের মুঠোয় থাকা। এ উৎসবে এসে আমি ভীষণ আনন্দিত।’মাহমুদুল হাসান কলেজের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলে, ইন্টারনেট ব্যবহার অনেকেই খারাপ চোখে দেখে। কিন্তু জ্ঞান-বিজ্ঞানের সবকিছু পাওয়া যায় ইন্টারনেটে। বিষয়টি অনেকেই জানে না। এ উৎসবের মাধ্যমে তারা জানতে পারবে।উৎসবে আসা শিক্ষর্থীদের মধ্যে ১২টি প্রতিষ্ঠানের ১৫০ জন নিবন্ধনের মাধ্যমে প্রাথমিক নির্বাচনে অংশ নেয়। এদের মধ্য থেকে নির্বাচিত ৫০ জন আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেয়। সবাইকে টপকে টাঙ্গাইলের আই-জিনিয়াস নির্বাচিত হয় সৃষ্টি কলেজ অব টাঙ্গাইলের একাদশ শ্রেণীর শিক্ষার্থী নাছিরউদ্দিন নাঈম। আই-জিনিয়াস পদক গলায় পরে সে বলে, ‘আমি কল্পনাও করতে পারিনি যে সবাইকে ছাড়িয়ে আই-জিনিয়াস হব। আমি খুব আনন্দিত।’বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে বলেন, এ ধরনের উৎসব মফস্বলের শিক্ষার্থীদের ইন্টারনেটের প্রতি আগ্রহী করে তুলবে। তাদের সামনেও জ্ঞান-বিজ্ঞানের জানালা খুলে যাবে।