জ্ঞান মেলায় মোবাইল স্বাস্থ্যকর্মীদের সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল শনিবার শুরু হওয়া অষ্টম জ্ঞান মেলায় মোবাইল স্বাস্থ্যকর্মীদের সম্মাননা দেওয়া হয়েছে। এই স্বাস্থ্যকর্মীরা মোবাইল ফোনের মাধ্যমে স্তন ক্যানসার নিরীক্ষা ও পরবর্তী সময়ে পর্যবেক্ষণ করেন। তাঁরা ‘আমাদের গ্রাম’ পরিচালিত তথ্যপ্রযুক্তির মাধ্যমে স্তন ক্যানসার নিরীক্ষা ও চিকিৎসা কর্মসূচির ‘এম-হেলথ’ প্রকল্পে কাজ করেন। সকালে জ্ঞান মেলার উদ্বোধন করেন বাগেরহাট-৩ আসনের স্থানীয় সাংসদ সৈয়দা হাবিবুন নাহার তালুকদার। শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহজাদী আঞ্জুমান আরা। আরও উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. শুকুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ও রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন পারভীন। শুভেচ্ছা বক্তৃতা করেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ ও রূপান্তর খুলনার নির্বাহী পরিচালক স্বপন গুহ।অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তিবিদ জাকারিয়া স্বপন ও অমি আজাদ তথ্যপ্রযুক্তির বিকাশ ও সুফল লাভের জন্য গ্রাম ও শহরের মধ্যে ডিজিটাল-বৈষম্য কমানোর দাবি জানান। তাঁরা ইন্টারনেট ও শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার সরবরাহ বাড়াতে সরকারি-বেসরকারি সহযোগিতা নিশ্চিত করার দাবি জানান। দুই দিনের এ মেলা আজ শেষ হচ্ছে। মেলার প্রথম দিনে স্কুল পর্যায়ে দাবা, ক্যারম, গণিত, রচনা ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া দর্শনার্থীদের জন্য ছিল গ্রামীণ লোকজ ঐতিহ্য লাঠিখেলা ও কাবাডি। সন্ধ্যায় প্রদর্শন করা হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র খেলাঘর। আজ রোববার অনুষ্ঠিত হবে আন্তস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতা। স্থানীয় আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেবে।জ্ঞান মেলায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তির নানা রকম ব্যবহার দেখানো হয়, পাশাপাশি থাকে হস্তশিল্পের প্রদর্শনী। গ্রামীণ মেলার সব উপকরণই থাকে এ মেলায়। আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প এই জ্ঞান মেলা আয়োজন করে আসছে।আমাদের গ্রামের নির্বাহী পরিচালক রেজা সেলিম জানান, গ্রামীণ জনপদে যুবশক্তির মধ্যে লেখাপড়ার পাশাপাশি সৃজনশীলতা ও বিজ্ঞানমনস্কতা তৈরি করতেই এ মেলার আয়োজন করা হচ্ছে। তাদের মধ্যে তথ্যপ্রযুক্তিবিষয়ক সাধারণ জ্ঞান ও ধারণা ছড়িয়ে দিতে এ মেলা সহায়ক ভূমিকা পালন করছে। —আহাদ হায়দার, বাগেরহাট