জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান গড়ার আহ্বান
গ্রামাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অবকাঠামো, শিক্ষক ও শিক্ষার্থীর তথ্যভান্ডার সমৃদ্ধ না থাকায় কম্পিউটার শিক্ষা কার্যক্রম দ্রুত গতিশীল হচ্ছে না। এ জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) মাধ্যমে জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। বর্তমান সরকার তথ্যপ্রযুক্তির মাধ্যমে পাঠদান করাতে বদ্ধপরিকর। এ ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির প্রতি শিক্ষকদের আগ্রহ বাড়াতে হবে। একই সঙ্গে প্রশিক্ষণ নিতে হবে। শনিবার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজে আয়োজিত এক সেমিনারে কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ও আইসিটি বিশেষজ্ঞ নিজামুল করিম এ কথা বলেন।
‘শিক্ষাক্ষেত্রে আইসিটি প্রয়োগের মাধ্যমে পাঠদানের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক ওই সেমিনারে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম। বক্তব্য দেন ব্রাহ্মণপাড়া আবদুল মতিন খসরু মহিলা কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র দাশ, চান্দলা কে বি হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, মেরিন প্রকৌশলী জিয়াউল হাসান মাহমুদ প্রমুখ।
—নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা