ইন্টারনেটের সঠিক ব্যবহার একজন শিক্ষার্থীকে জ্ঞান ও আলোর পথ দেখাতে পারে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তথ্যপ্রযুক্তির বিকল্প নেই। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ইন্টারনেটের ভালো দিকটি ব্যবহার করতে হবে। গতকাল বৃহস্পতিবার সিলেটের বালাগঞ্জে অনুষ্ঠিত গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে এসব কথা বলেন তাজপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শওকত আলী।গতকাল বালাগঞ্জ ছাড়া লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ ও বরিশালের গৌরনদীতে ইন্টারনেট উৎসব হয়েছে।উৎসবের ভেন্যু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গ্রামীণফোনের পক্ষ থেকে সংযোগসহ একটি করে ইন্টারনেট মডেম দেওয়া হয়। এ ছাড়া ভেন্যু প্রতিষ্ঠান ও আই-জিনিয়াস প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীকে প্রথম আলোর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নেওয়া সব শিক্ষার্থীকে দেওয়া হয় ক্রেস্ট।উৎসবগুলোতে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, প্রথম আলো ও গ্রামীণফোনের তিনটি ভিডিওচিত্র দেখানো হয়।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বালাগঞ্জ: সকালে বালাগঞ্জ উপজেলার তাজপুর কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের সূচনা করেন কলেজের অধ্যক্ষ শওকত আলী। এ সময় কলেজের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে। পরে উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান বন্ধুসভার এ এফ এম সজীব।অনুষ্ঠানে বক্তব্য দেন তাজপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শওকত আলী, বালাগঞ্জ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক শাহ মো. ইব্রাহীম আজাদ ও প্রথম আলোর বালাগঞ্জ প্রতিনিধি শিপন খান।গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক শাহ মো. ইব্রাহীম আজাদ বলেন, ‘আমাদের দৈনন্দিন সবকিছুই এখন তথ্যপ্রযুক্তিনির্ভর হয়ে যাচ্ছে। এর সঙ্গে তাল মেলাতে না পারলে আমরা পিছিয়ে পড়ব।’উপাধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী বলেন, ‘আমরা যদি শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিনির্ভর করতে পারি, তবে বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব।’উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী উৎসবে যোগ দেয়।উৎসবে আই-জিনিয়াস প্রতিযোগিতায় বিজয়ী হয় তাজপুর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র রায়হান আহমদ শাহরিয়ার। আই-জিনিয়াস প্রতিযোগিতায় বিজয়ীকে ১০১টি গোলাপ ফুল উপহার দেন বালাগঞ্জ বন্ধুসভার সদস্যরা।উৎসবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বালাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পার্থ সারথী চৌধুরী, গোয়ালাবাজার মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, তাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমরান রব্বানী, প্রবীণ রাজনীতিবিদ কমরেড আফরোজ আলী ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ।লক্ষ্মীপুর: জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকালে উৎসবের সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন ও উৎসবের উদ্বোধন করেন মান্দারী বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন।অনুষ্ঠানের শুরুতে শপথবাক্য পাঠ করান বন্ধুসভার কেন্দ্রীয় কমিটির সদস্য বিবর্ধন রায়।মান্দারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা ইন্টারনেটের আলোয় দেশকে আলোকিত করবে, এটাই আমাদের প্রত্যাশা।’লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মাহাবুব মোহাম্মদ আলী বলেন, ইন্টারনেট পৃথিবীকে হাতের মুঠোয় এনে দিয়েছে। ইন্টারনেটের মাধ্যমে মানুষ ঘরে বসেই জগৎ দেখার সুযোগ পাচ্ছে।গ্রামীণফোনের লক্ষ্মীপুরের আঞ্চলিক ব্যবস্থাপক জহির রায়হান বলেন, আজকের পৃথিবী ইন্টারনেট ছাড়া অচল। বিশ্বের সঙ্গে পরিচিত হতে হলে গ্রাম-গঞ্জে ইন্টারনেট ছড়িয়ে দিতে হবে।উৎসবে লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদমান রহমান আই জিনিয়াস নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর লক্ষ্মীপুর প্রতিনিধি এম. জে. আলম।উৎসবে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়।সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রথম আলো বন্ধুসভার সদস্যদের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মো. আমিনুল ইসলাম উৎসবের উদ্বোধন করেন।শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান সিরাজগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা হেলাল আহমেদ।ভেন্যু প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুরাইয়া জাহান বলেন, সবাইকে বিজ্ঞানমনস্ক হতে হবে। আর এ জন্য ইন্টারনেট ব্যবহারের বিকল্প নেই।সিরাজগঞ্জ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুনসী হামিদুল হক বলেন, সবাইকে ইন্টারনেট ব্যবহারে পারদর্শী হতে হবে।গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হলে ইন্টারনেট সম্পর্কে জানতে হবে।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সিরাজগঞ্জের নিজস্ব প্রতিবেদক এনামুল হক।সিরাজগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী লামিয়া কবির আই-জিনিয়াস নির্বাচিত হয়।গৌরনদী: গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মানিক লাল আচার্য। শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে চলার শপথবাক্য পাঠ করান ঢাকা বন্ধুসভার মোস্তাফিজুর রহমান।উদ্বোধনী বক্তব্যে মানিক লাল আচার্য বলেন, ‘গ্রামীণফোনের সহযোগিতায় আমাদের সবার প্রিয় প্রথম আলো ব্যতিক্রমী এই উৎসবের আয়োজন করে সবার মন জয় করেছে।’প্রথম আলোর সম্পাদকীয় সহকারী ফারুক ওয়াসিফ বলেন, সব ভালো কাজের সঙ্গে প্রথম আলো ছিল এবং থাকবে।গ্রামীণফোন বরিশাল অঞ্চলের ব্যবস্থাপক শেখ বরকাতুল্লাহ বলেন, শিক্ষার্থীদের আনন্দ আর উৎসব দেখে মনটা ভরে গেল। প্রথম আলোকে সঙ্গে নিয়ে আগামী বছর এই উৎসবের ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করা হবে।গৌরনদী পৌরসভার মেয়র মো. হারিসুর রহমান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন।সমাপনী বক্তব্য দেন প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম। এই উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র শাহ নিয়াজ আহম্মেদ।