
টিকটিক শব্দ করে চলা দেয়ালঘড়িতে টর্চলাইটের আলো পড়তেই চমকে ওঠে ছোট কাকু। হুড়মুড় করে উঠে হাফহাতা শার্টটি গায়ে চাপিয়ে নেয়। আমাকে জাগিয়ে তুলতে খুব বেশি বেগ পেতে হয় না। ছোট কাকুর সঙ্গে গ্রামের একমাত্র টেলিভিশনে বিশ্বকাপ ফুটবলের খেলা দেখতে যাব—এর চেয়ে রোমাঞ্চকর কাজ তখন অবধি খুব কমই ছিল আমার জীবনে। নকআউটপর্বের কোনো খেলাই বাদ যেত না। আর দুজনেই আর্জেন্টিনার পাঁড় সমর্থক হওয়ায় ম্যারাডোনার উত্তরসূরিদের খেলা থাকলে তো কথাই ছিল না! ‘আর দেরি করলে সিট পাওয়া যাবে না’—কাকুর তাগিদে আমিও দ্রুত প্রস্তুত হয়ে বেরিয়ে পড়ি টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল দেখার মিশনে।
গ্রামে তখনো বিদ্যুতের আগমন ঘটেনি। টেলিভিশন বলতে ওই একটিই। খেলা দেখতে হলে প্রায় দুই কিলোমিটার দূরবর্তী মোড়লবাড়ি যাওয়া ছাড়া উপায় ছিল না। ঘুটঘুটে অন্ধকারে বিশ্বকাপের খেলা দেখতে যাওয়ার অভিযানের কষ্ট কমাতে কাকুর অবশ্য চেষ্টার কমতি ছিল না। আম্মুকে বলে-কয়ে কৌশলে আব্বুর সাইকেলের চাবির ব্যবস্থা আগেই করে রাখত। দাদুর তিন ব্যাটারির টর্চলাইটটির বন্দোবস্তও হয়ে যেত। সাইকেলে বসে আমার দায়িত্ব ছিল আঁকাবাঁকা মেঠো রাস্তায় ঠিকমতো টর্চের আলো ফেলা। বলা বাহুল্য, মধ্যরাতের এসব কার্যক্রমের পর চরম আরাধ্য খেলা দেখার মাহাত্ম্য কয়েক গুণ বেড়ে যেত।
১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে বাঁচা-মরার লড়াইয়ে চিরশত্রু ইংল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচ পড়ে গেল। আর সেদিনই জেঁকে জ্বর এল ছোট কাকুর। খেলা দেখার কী হবে? এ কথা ভেবে আমি অস্থির! বাতিস্তুতাদের পক্ষে গলা ফাটাতে না পারলে তো এত দিনের সব আয়োজন বৃথা হয়ে যাবে! আমার চেয়ে খেলা দেখার বাতিক ছোট কাকুর কম নয়—এ ভরসায় অবশ্য কোনো শঙ্কাই মনে স্থায়ী হচ্ছিল না। বিশ্বাস ছিল, শেষ পর্যন্ত ছোট কাকু গা ঝাড়া দিয়ে উঠবেই। হলোও তাই। ‘ছোটখাটো জ্বর-জ্বালাকে পাত্তা দিলে চলে না, বিশ্বকাপ তো আর রোজ আসে না। আজ দেখিস, বিশাল এক ফাইট হবে। চল, সাইকেল নিয়ে বেরোই।’ কাকুর কথায় অনিশ্চয়তার মেঘ কেটে যাওয়ায় স্বস্তি নিয়ে বলি, ‘তাই তো! খেলা মিস করার প্রশ্নই ওঠে না!’
সাইকেলে চড়ে স্পষ্ট বুঝতে পারি ছোট কাকুর শরীর জ্বরে কাঁপছে। ‘কাকু, চলো হেঁটে যাই।’ আমার ভীত কণ্ঠ ছোট কাকুকে বিচলিত করতে পারে না। ‘বুঝলি, মনের জোরটাই আসল কথা। এই যে খেলায় জয়-পরাজয় হয়, যে দলের মনের বল বেশি তারাই জেতে।’ তার মনোবলের নমুনা দেখাতেই কিনা হঠাৎ সাইকেলের গতি বেড়ে যায়। কাকুর কথায় সাহসের উপাদান থাকলেও ভয়ে আমার হাত-পা ঠান্ডা হয়ে আসে। মোড়লবাড়ির কাছাকাছি এসে হঠাৎ ঝাঁকুনিতে হাত থেকে টর্চলাইট ছুটে যায়। কিছু বুঝে ওঠার আগেই সাইকেলসহ নিজেদের রাস্তার পাশের ডোবায় আবিষ্কার করি। কাদা-পানিমাখা শরীর নিয়ে ছোট কাকুর কম্পিত কণ্ঠে সচকিত হই, ‘সাইকেলটা ডোবার ভেতরেই থাক। অন্ধকার রাতে কেউ দেখবে না। আগে চল খেলা দেখে আসি। যাওয়ার সময় একটা ব্যবস্থা হয়ে যাবেই।’ শার্ট চিপে ভেজা শরীর মুছতে মুছতে ছোট কাকুর সঙ্গে হাঁটতে থাকি। আশ্চর্য! তখনো মাথার ভেতর ফুটবল ছাড়া অন্য কিছুর অস্তিত্ব অনুভব করিনি। বিশ্বকাপ দেখতে যাওয়ার সে অভিযানের কী দারুণ প্রতিদানই না জুটেছিল! রুদ্ধশ্বাস ম্যাচের নিষ্পত্তি ঘটেছিল টাইব্রেকারে। আর তা মধুর লেগেছিল আর্জেন্টিনা জিতেছিল বলেই!
সোহেল নওরোজ
বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (বিবিটিএ), ঢাকা