বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে কমেনি। জ্বালানি তেলের দাম নিয়ে গণমাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষণ। জ্বালানি তেলের দাম না কমানোর সম্ভাব্য কারণগুলো নিয়ে বিশ্লেষণ করেছে রস+আলোর বিশেষজ্ঞ কমিটিও।
১. জ্বালানি তেলের দাম না কমানোর ফলে জনগণ মুনাফা অর্জন করছে!
প্রমাণ: আব্রাহাম লিংকন বলেছেন, ‘জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার এবং জনগণের জন্য সরকার।’
সুতরাং, সরকারের অর্জন = জনগণের অর্জন
কাজেই, সরকারের মুনাফা অর্জন = জনগণের মুনাফা অর্জন
সুতরাং, জ্বালানি তেলের দাম না কমানোর ফলে জনগণ মুনাফা অর্জন করছে। (প্রমাণিত)
তাই জ্বালানি তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে না।
২. জ্বালানি তেল বিক্রি বাবদ প্রাপ্ত মুনাফা রাষ্ট্রীয় কোষাগারে জমা হচ্ছে। রাস্তা, সেতু, হাসপাতাল নির্মাণ ইত্যাদি কাজে রাষ্ট্রীয় কোষাগার থেকে বরাদ্দ দেওয়া হয়। তাই দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণের স্বার্থে জ্বালানি তেলের দাম কমানো হয়নি।
৩. সমানুপাতিক সূত্র অনুযায়ী, ‘বাংলাদেশের জ্বালানি তেলের দামের হার বিশ্ববাজারের দামের সমানুপাতিক।’ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এই সমানুপাতিক সূত্র প্রয়োগ করে লোকসানের শিকার হয়েছিল। তাই বর্তমানে ধ্রুবক সূত্র প্রয়োগ করছে। ধ্রুবক সূত্রানুযায়ী, ‘বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশের জ্বালানি তেলের দাম অনির্দিষ্ট সময় পর্যন্ত ধ্রুবক থাকবে।’
৪. জ্বালানি তেলের দাম কমালেও বাড়িওয়ালারা বাসাভাড়া কমাবে না, বাসমালিক বাসভাড়া কমাবে না, বিদ্যুৎ অফিস বিদ্যুৎ বিল কমাবে না। জ্বালানি তেলের দাম কমিয়ে লাভ কী! তাই বিপিসি জ্বালানি তেলের দাম কমাচ্ছে না।
৫. জ্বালানি তেলের দাম বাড়তি থাকলে মানুষ জ্বালানি তেল কম ব্যবহার করবে। ফলে পরিবেশদূষণও কিছুটা কম হবে।
৬. পশ্চিমবঙ্গের সুন্দরবন অংশে বেড়াতে যাওয়া বাংলাদেশি বাঘগুলো যাতে পশ্চিমবঙ্গে থেকে না যায়, সে জন্য জ্বালানি তেলের বিক্রি বাবদ প্রাপ্ত মুনাফা দিয়ে বাঘদের জন্য ‘একটি বাঘ একটি হরিণ প্রকল্প’ গ্রহণ করা হবে এবং বাঘদের জন্য নিরাপদ আবাসস্থলের ব্যবস্থা করা হবে!