জ্বালানি-সাশ্রয়ী ও দ্রুতগতির গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা জ্বালানি-সাশ্রয়ী ও দ্রুতগতির গাড়ি তৈরি করছেন। এ গাড়ি বাজারে বর্তমান সাধারণ গাড়ির তুলনায় অধিক জ্বালানি সাশ্রয়ে সক্ষম এবং সাধারণ গাড়ির তুলনায় এর গতিও অনেক বেশি বলে দাবি করেছেন আবিষ্কারকেরা। খোঁজ নিয়ে জানা গেছে, রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২৮ জন শিক্ষার্থী অয়্যার হর্স টিম এবং দ্য রয়েল টিমে বিভক্ত হয়ে কয়েক মাস ধরে এ গাড়িটি তৈরি করেছেন। এ গাড়ি তৈরির প্রকল্পে প্রধান সমন্বয়কারী রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক শাহজাদা মাহমুদুল হাসান জানান, রুয়েট শিক্ষার্থীদের তৈরি করা এ গাড়ি সমপরিমাণ জ্বালানি ব্যবহারে সাধারণ গাড়ির তুলনায় অনেক দূর যেতে সম্ভব। জাপান ইন্টারন্যাশনাল করপোরেশন এজেন্সি কর্তৃক পরিচালিত প্রদর্শনীতেও গাড়িটি দ্রুত পাঠানো হবে বলে তিনি উল্লেখ করেন। রুয়েটের উপাচার্য সিরাজুল করিম চৌধুরী ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক শামীমুর রহমান শিক্ষার্থীদের তৈরি করা এ গাড়িটি সার্বিকভাবে পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা শিক্ষার্থীদের এ উদ্যোগকে প্রশংসনীয় উদ্যোগ হিসেবেও আখ্যায়িত করেন। তাঁরা বলেন, এ গাড়ি ক্রমবর্ধমান জ্বালানি-সংকটে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে সক্ষম হবে। জ্বালানি-সাশ্রয়ী ও দ্রুতগতির এ গাড়ি প্রসঙ্গে এ প্রকল্পের সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান এবং রকিবুল ইসলাম জানান, সরকারিভাবে সহযোগিতা পেলে এ ধরনের প্রকল্পকে বাস্তব ক্ষেত্রে ব্যবহারের উপযোগী করে তোলা সম্ভব। —কুদরাত-ই-খুদা, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি