
শক্তির অফুরন্ত উৎস হচ্ছে সূর্য। পৃথিবীতে এক ঘণ্টায় যে পরিমাণ সূর্যালোক পড়ে, তা এই গ্রহের প্রত্যেক মানুষের বার্ষিক জ্বালানি চাহিদা পূরণের জন্য যথেষ্ট।
যুক্তরাষ্ট্রের লরেন্স বার্কলে ন্যাশনাল ল্যাবরেটরির গবেষকদের সাম্প্রতিক একটি উদ্ভাবনের ফলে এবার হয়তো সেই এই বিপুল শক্তি সঞ্চিত রেখে কাজে লাগানো সম্ভব হতে যাচ্ছে। তাঁদের তৈরি একটি ‘কৃত্রিম অরণ্য’ সৌরশক্তিকে রাসায়নিক জ্বালানিতে রূপান্তর করবে বলে দাবি করা হচ্ছে। সংশ্লিষ্ট শীর্ষ গবেষক পেইদং ইয়াং বলেন, সৌরশক্তি শোষণ ও সঞ্চয়ের লক্ষ্যে তাঁরা এক ধরনের কৃত্রিম গাছজাতীয় সূক্ষ্ম ও জটিল কাঠামো তৈরি করেছেন। এই গাছের গুঁড়ি সিলিকনের তৈরি, আর ডালপালা টাইটানিয়ামের।
বাস্তব অরণ্যে গাছপালা ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে এবং সূর্যালোকের প্রতিফলন নিয়ন্ত্রণ করে। বিজ্ঞানীদের তৈরি যান্ত্রিক অরণ্যেও সে রকম সন্নিবেশের নিচে থাকবে জ্বালানি উৎপাদনের জন্য প্রয়োজনীয় পরিসর। প্রাকৃতিক সালোকসংশ্লেষণের (গাছের পাতার সবুজ ক্লোরোপ্লাস্টের মাধ্যমে সূর্যালোক শোষণ-প্রক্রিয়া) অনুকরণে সেখানে ঘটবে বিশেষ বিক্রিয়া।
সূর্যালোক শোষণকালে উদ্ভিদের অভ্যন্তরে চক্রাকারে ইলেকট্রন মুক্ত হয়ে এক অণু থেকে অন্য অণুতে প্রবাহিত হয়। এভাবে প্রাকৃতিক বিক্রিয়ার মধ্য দিয়ে কার্বন ডাই-অক্সাইড থেকে শর্করা ও অক্সিজেন উৎপাদিত হয়। ইলেকট্রন পরিবহনের এই প্রক্রিয়াকে কৃত্রিম অরণ্য তৈরির প্রক্রিয়ায় কাজে লাগানো হয়েছে। তবে রঞ্জক পদার্থ হিসেবে ক্লোরোপ্লাস্টের পরিবর্তে তাঁরা ব্যবহার করেছেন অর্ধপরিবাহী পদার্থ সিলিকন ও টাইটানিয়াম। এ দুটি পদার্থ যথাক্রমে হাইড্রোজেন ও অক্সিজেন উৎপাদন করবে। এ দুটিকে একসঙ্গে জ্বালানির কোষে সঞ্চিত করে নবায়নযোগ্য শক্তি হিসেবে ব্যবহার করা সম্ভব হবে।
ইয়াং মনে করেন, বর্তমান মডেলটিতে অতি সূক্ষ্ম প্রযুক্তি (ন্যানোস্কেল) ব্যবহারের সুযোগ রয়েছে। এতে উৎপাদিত শক্তি তুলনামূলক বেশি কার্যকর এবং কম ব্যয়বহুল হবে। তাঁদের তৈরি এ ব্যবস্থা ভবিষ্যতে সৌরশক্তি থেকে জ্বালানি উৎপাদনে অত্যন্ত সহায়ক হবে। টেকনিউজডেইলি।