জ্বালিয়ে যাব তোমার চিতা

তোমার প্রেমে অন্ধ সাজি, সবাই আমায় কানা ভাবে
(সেই দাবিতে তোমায় আমি বিক্রি করছি নানাভাবে)
তোমার কথাই চিন্তা করি সকাল দুপুর সন্ধ্যা সাঁঝে
(তোমার নামে জায়গা জমি করছি দখল মাঝে মাঝে)
বেঁচে থাকার প্রয়োজনেই তোমায় বানাই পরাণ-মাঝি
(তোমার নামে একটু আধটু না হয় করি চাঁদাবাজি)
টেন্ডারে যাই, ঠিকাদারির সুবাস পেলেই সৈন্য পাঠাই
(সিট দখল আর হল দখলে যৎসামান্য শক্তি খাটাই)
তোমায় যেন না ভুলে যায় এই জনগণ জন্মভূমি
(ব্যানার এবং পোস্টারেও আমার ছবির সঙ্গে তুমি)
আমার ছবি বিশাল বড় তোমার ছবি ক্ষুদ্র অতি
নিন্দুকেরা ঈর্ষাকাতর, ভাবটা যেন বিশাল ক্ষতি...
তাতে কী যায় আসে বলো? তুমি মহান সবাই জানে
নিন্দুকেরা তবুও খোঁজে এই ঘটনার অন্য মানে।
অষ্টপ্রহর মুখর থাকি তোমার নামের জিন্দাবাদে
নিন্দুকেরা মুখর তবু কী ভয়ানক নিন্দাবাদে!
তোমার নাম আর তোমার ছবি বিক্রি ক্ষেত্রে দারুণ জিনিস!
যে যাই বলুক মাইন্ড করি না মাইন্ড করিলেই ব্যবসা ফিনিস।
শোক দিবসে বিরিয়ানির প্যাকেট ছাপি নিজের নামে
প্রচ্ছদে দেই তোমার ছবি ধান্দাবাজির মনস্কামে।
নিন্দারে না কেয়ার করে জ্বালিয়ে যাব তোমার চিতা
রবির গানের সুরে সুরে জানাই তোমায় জাতির পিতা—
‘যে তোমায় ছাড়ে ছাড়ুক, আমি তোমায় ছাড়ব না’ বাপ
(সস্তা দামে বিক্রি করছি নাই দ্বিধা লাজ নাই পরিতাপ...)
১৫ আগস্ট ২০১৫