ঝগড়ার কথা টুইটার-ফেসবুকে!

প্রিয়জনের সঙ্গে খুনসুটি, মান-অভিমান, বাগবিতণ্ডা হতেই পারে। এসব খুঁটিনাটি সবই যদি ফেসবুক বা টুইটারে পোস্ট করে বসেন, কী হবে তখন?
ভালোবাসার মানুষটির সঙ্গে কী নিয়ে কথা-কাটাকাটি হচ্ছে, তা সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে পোস্ট করা হলে সম্পর্ক আরও অবনতির দিকে যেতে পারে বলে সতর্ক করেন গবেষকেরা। তবে ঠিক উল্টোটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের শিকাগোর অ্যালান লিনিক ও চার্লি মেয়ারের বেলায়। ইয়াহু অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
কী নিয়ে দুজনের মধ্যে দ্বিমত চলছে, তা প্রকাশ করতে তাঁরা বেছে নেন টুইটার। গত বছরের আগস্ট মাস থেকে দুজনেই প্রতিটি ঝগড়ার কারণ টুইটারের মাধ্যমে প্রকাশ করতে থাকেন। এত ঝগড়াঝাঁটি যাঁদের মধ্যে, তাঁরা কি কখনো ঘর বাঁধতে পারেন? হ্যাঁ, পারেন। অ্যালান আর চার্লি সম্প্রতি ঘোষণা দিয়েছেন, তাঁদের ঝগড়াঝাঁটি শেষ, এখন তাঁরা আংটি বদল করেছেন।
কীভাবে দুজনের দেখা হলো? মেয়ার জানান, ‘শিকাগোর প্লেগ্রাউন্ড থিয়েটারে দেখা হওয়ার পর তাঁকে আমি প্রেমের প্রস্তাব দিয়েছিলাম।’
সম্পর্ক না টেকার সম্ভাবনা জেনেও কীভাবে দুজন টুইটার ফিড শুরু করলেন?
জবাবে মেয়ার বলেন, ‘ছোটোখাটো হাস্যকর কোনো বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হলেই আমরা টুইটারে গিয়ে ঝগড়ার কারণ নিয়ে টুইট করা শুরু করেছিলাম। আমরা জানতাম, আমরা যে সত্যি সত্যি ঝগড়া করে এ ধরনের পোস্ট দিচ্ছি, অনেকের কাছে তা বিশ্বাসযোগ্য মনে না-ও হতে পারে। কিন্তু পোস্ট দেওয়ার পর দেখলাম, শুধু আমরা নই, আমাদের মতো অনেকেই এই পথ বেছে নেন। তাঁরা সঙ্গীর সঙ্গে ঝগড়া করে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে তা নিয়ে পোস্ট দেন।’
এই ইন্টারনেটের যুগে বাস্তবের বাদানুবাদ ফেসবুক-টুইটারে পোস্ট দেওয়ার আগে তা সম্পর্কের কোনো ক্ষতি করছে কি না, এ ব্যাপারে খেয়াল করা উচিত।