মধ্যরাত। হঠাৎ করেই বলা নেই, কওয়া নেই ঝোড়ো হাওয়ার তোড়ে খুলে গেল ঘরের দরজা। চলে গেল বিদ্যুৎ। হাতের কাছে পেলেন না দেশলাই ও মোমবাতি। দেখা গেল চার্জারেও চার্জ নেই। সব মিলিয়ে আগে সতর্ক না থাকার কারণে বিপত্তিতে পড়তে হয়। ফলে ঝড়-বৃষ্টির আগে বাড়ির কিছু জিনিস ঠিকঠাক এবং হাতের কাছে আছে কি না, তা দেখে নেওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিজাস্টার অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের প্রধান মাহবুবা নাসরীন বলেন, ‘দৈনন্দিন জীবনের টুকিটাকি বিষয় সম্পর্কে সচেতন থাকলে ঝড়সহ যেকোনো দুর্যোগময় সমস্যা সহজেই মোকাবিলা করা যায়। ঘরের বৈদ্যুতিক যন্ত্রপাতি, চুলা ও ছোট শিশুদের বিষয়ে মনোযোগ রাখা প্রয়োজন।’
বিদ্যুৎ চলে গেলে
নগরজীবনের আধুনিকতায় আমাদের ফ্ল্যাট বা বাড়িতে এখন যুক্ত হয়েছে আইপিএস। এখন যেহেতু ঝড়ের মৌসুম, তাই প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে আইপিএসের তারের সংযোগ পরীক্ষা করুন। আইপিএসে চার্জ দিয়ে রাখুন। সতর্কতা হিসেবে আইপিএসের ব্যাটারির পানির অবস্থাটা দেখে নিন।চার্জার-বাতি ব্যবহার করলে আগেই প্রয়োজনীয় চার্জ দিয়ে রাখুন। বাসায় মোমবাতি ও দেশলাই-লাইটার কিনে রাখুন। কিন্তু সতর্ক থাকলে বিপদে ভরসা।
বৈদ্যুতিক সংযোগ, গ্যাসের চুলা, ওয়াশিং মেশিনে চোখ দিন
হঠাৎ ঝোড়ো হাওয়ায় আপনার বৈদ্যুতিক সংযোগের বক্স বা তারে বিপত্তি দেখা দিতে পারে। এ জন্য ঘুমাতে যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে নিতে পারেন ঘরের বিভিন্ন সংযোগে। যদি প্রয়োজনীয় তার বা সংযোগে ত্রুটি থাকে, দ্রুত ঠিক করে ফেলুন। আর গ্যাসের চুলার সুইচ বন্ধ আছে কি না, সেদিকে বিশেষ নজর রাখুন। চুলার সঙ্গে সংযোগকারী গ্যাসপাইপ ঠিকমতো যুক্ত বা ছিদ্র আছে কি না, পরীক্ষা করুন। যাঁরা বাসায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন, তাঁরা বাড়তি সতর্কতা হিসেবে সিলিন্ডার গ্যাসের সংযোগ ঘুমানোর আগেই বন্ধ করে রাখুন। ওয়াশিং মেশিনে সাবানওয়ালা পানি যেন জমে না থাকে, সেদিকে খেয়াল রাখুন।
মুঠোফোনে সংযোগ
ঝড়ের রাতে মুঠোফোন নেটওয়ার্কজনিত ঝামেলার সঙ্গে ক্রেডিট ব্যালেন্স আর ব্যাটারির চার্জ শেষ হওয়ার ঝামেলা দেখা দিতে পারে। আগে থেকেই ঘুমাতে যাওয়ার আগে ব্যাটারিতে চার্জ দিয়ে রাখুন। বাসায় মুঠোফোনের জন্য ক্রেডিট ব্যালেন্স কার্ডও কিনে রাখতে পারেন।
প্রাথমিক চিকিৎসা বক্স ও ওষুধ
একটি বিশেষ বক্সে প্রয়োজনীয় ওষুধ রাখতে হবে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ও শিশুর জন্য প্রয়োজনীয় ঠান্ডা, জ্বর বা কাশির ওষুধ রাখা উচিত। প্রাথমিক চিকিৎসা বক্স আগে থেকেই প্রস্তুত করে রাখুন।
শুকনা খাবার জোগাড়
দুর্যোগের রাতের পরিস্থিতি মোকাবিলা করার জন্য বাসায় হালকা ও শুকনা খাবার যেমন বিস্কুট, মুড়ি, খই, চিড়ার সঙ্গে চিনি বা গুড় রাখতে পারেন। আলাদা প্লাস্টিক বা টিনের পাত্রে মুড়ি, খই সংরক্ষণ করুন, নইলে বাতাসে নষ্ট হয়ে যাবে।
জানালা-দরজা বন্ধ করুন
ঘুমাতে যাওয়ার আগে ঘরের দরজা-জানালা বন্ধ করে ঘুমান। বিশেষ করে আপনার শিশুর ঘরের জানালার দিকে খেয়াল রাখুন, নইলে দমকা হাওয়ার তোড়ে জোরে জোরে জানালা বাড়ি খেলে, আপনার শিশু আতঙ্কে ও ভয়ে ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিতে পারে।
ঝড়ের রাতে খেয়াল রাখুন
l বাসায় অতিরিক্ত স্পঞ্জের স্যান্ডেল কিনে রাখুন। সিঁড়ি বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়ে গেলে স্পঞ্জের স্যান্ডেলই ভরসা।
l বৃষ্টির পানি যেন ঘরে ঢুকতে না পারে, সে জন্য জানালা বা দরজার ছিদ্র আগে থেকেই খেয়াল করুন।
l পড়ার টেবিল বা টেলিভিশনের পাশে জানালার দিকে পানি যেন কোনোভাবেই ঢুকতে না পারে, সেদিকে নজর দিন।
l পরিবারের শিশু বা বয়স্ক ব্যক্তিরা যেন কোনোভাবে ভয় না পায়, তার জন্য মনোযোগী হোন।
l প্রয়োজনীয় ফোন নম্বর বাড়তি কোনো কাগজে লিখে রাখুন।
l মোমবাতি, স্বয়ংক্রিয় চার্জার লাইট আগে থেকেই হাতের কাছে গুছিয়ে রেখে ঘুমাতে যান।
l চুলা জ্বালিয়ে বা বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে ঘুমাতে যাবেন না।