ঝলমল রোদের হাসি
‘এখানে আসছি কী হচ্ছে দেখতে। তারা (উপস্থাপক) ইন্টারনেট নিয়ে কথা বলছেন। আমি তাদের কথা শুনছি।’ এ কথা মৌলভীবাজার শহরতলির বড়বাড়ি এলাকার চতুর্থ শ্রেণীর ছাত্র রাজিবের। সে এখানে একটা উৎসব হচ্ছে শুনে এসেছে। যারা আই-জিনিয়াস প্রতিযোগিতার জন্য নিবন্ধিত হয়েছিল, তারা ছাড়া আর সবারই কৌতূহল থেকে এই উৎসব দেখতে আসা। এসেই দেখল, যত কাজ-কারবার এখানে ইন্টারনেট নিয়ে।১০ অক্টোবর মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয়েছিল ইন্টারনেট উৎসবের।এ উৎসবে মৌলভীবাজার সরকারি কলেজ ছাড়াও সরকারি মহিলা কলেজ, দ্য ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুল, পৌরসভা আদর্শ উচ্চবিদ্যালয়, হাফিজা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়, কাশীনাথ আলাউদ্দিন উচ্চবিদ্যালয়, মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় ও আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। সিঙ্গার কে!তখনো সকালের আলসেমি প্রকৃতিতে। আয়োজকদের দু-চারজন ছাড়া তেমন কেউ আসেনি। অনুষ্ঠান স্থলে এসে হাজির মৌলভীবাজার সরকারি কলেজের চার ছাত্রী। উপস্থিতদের কাছে জানতে চাইল, এখানে কী হবে। ইন্টারনেট উৎসব হবে। এ কথা জানার পর তাদের জিজ্ঞাসা, সিঙ্গার কে?...কোনো গান নেই জেনে, তারা বেশ হতাশ হয়ে ফিরে গেল!ইশ্্, টি-শার্ট পেতাম...আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা গ্রামীণফোন-প্রথম আলোর টি-শার্ট পরে তাদের নির্ধারিত আসনে বসেছে। পাশে যারা শুধুই শ্রোতা-দর্শক, তাদের অনেকেই টি-শার্ট পেতে হলে কী করতে হবে জানতে চেয়ে যখন জানতে পারে, কেবল আই-জিনিয়াস প্রতিযোগীরাই এ টি-শার্ট পাবে। তখন অনেকেরই মন্তব্য, ‘ইশ, আগে যদি জানতাম, তাহলে টি-শার্টটা পেতাম!’কপাল খারাপমঞ্চ থেকে তাৎক্ষণিক প্রশ্নের মাধ্যমে আই-জিনিয়াস প্রতিযোগী বাছাই করা হচ্ছে। প্রশ্ন শুনেই ঝটপট হাত তুললেন এক শিক্ষার্থী। উত্তর সঠিক হওয়ায় তাঁকে ডাকা হলো। কিন্তু তিনি সম্মান শ্রেণীর ছাত্র। তাঁর আর প্রতিযোগিতায় অংশ নেওয়া হলো না। শুধু অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরাই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারে। সম্মান শ্রেণীর অনেক ছাত্রই তখন মন্তব্য করে, ‘ভাই আমরার কপাল খারাপ। আমাদের জন্য কিছু নেই। আমাদের জন্য কিছু একটা করেন।’সব পারি...পেছনের দিকে বন্ধু-বান্ধব নিয়ে বসেছিলেন একজন। বন্ধু মহলে তার জনপ্রিয়তাও আছে মনে হয়। কিন্তু যখনই প্রশ্ন ছোড়া হচ্ছে, সঙ্গে সঙ্গে তার হাত উঠছে। তার হাত তুলে ধরে পাশের বন্ধুরা। কিন্তু কিছুতেই উপস্থাপকের মনোযোগ টানতে পারেননি। তখন মনটা খারাপ করে যেন একা একাই বললেন, ‘সব পারি। কিন্তু আমাকে নেওয়া হলো না।’গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে এ রকমই টুকিটাকি ঘটনায় দিনভর ছিল উৎসবের আনন্দ। উৎসবের ইভেন্টে সরাসরি যোগ দিতে না পারলেও যখন বন্ধু বা প্রতিষ্ঠানের কেউ বিজয়ী হচ্ছে, সঙ্গে সঙ্গে উল্লাস আর হাততালিতে ফেটে পড়েন সবাই—নির্মল আনন্দ হলে যা হয়। মাঝেমধ্যে চলে খেলাধুলাও। সকাল থেকেই বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসে উৎসবে যোগ দেয়। কারও অভিভাবক সঙ্গে, কারও শিক্ষক। সবার চোখেমুখে ঝলমল রোদের হাসি। এখানে জানাটাই লক্ষ্য।হারজিত নিয়ে সবাই খুব একটা বিচলিত নয়। উৎসবে এসেছে, এটাই তাদের কাছে বড় একটা ঘটনা। প্রথম আলো মৌলভীবাজার বন্ধুসভার সদস্যরা যেন শুধু নিজেরাই জগৎ জানবেন, স্বপ্ন দেখবেন—এই পণ নিয়ে আটকে থাকতে চান না। তাঁরা আরও অনেকের মধ্যে স্বপ্ন ছড়িয়ে দিতেই বেশি মজা পান। এটা তাঁদের অক্লান্ত পরিশ্রম দেখেই যে কেউ বলতে পারেন। বাঘের বাচ্চাতখন মঞ্চে আই-জিনিয়াস প্রতিযোগিতা চলছে। প্রশ্ন শুনে ব্রাউজ করে উত্তর বের করে যখন এক প্রতিযোগী হাত তুলেছেন। দর্শকের সারিতে বসা তারই এক সহপাঠীর সরস মন্তব্য, ‘বাঘের বাচ্চা। টাকা খরচ হইলেও ক্ষতি নাই। কাজে লাগছে।’পারিসা কোথায়প্রথম হওয়া আই-জিনিয়াসদের নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতা হবে। কিন্তু হিসাব মিলছে না। একজন যে অনুপস্থিত। চারদিকে হাঁকডাক শুরু হয়ে গেছে।...‘পারিসা কোথায়, পারিসা কোথায়!’ হন্তদন্ত হয়ে ছুটে আসে একজন। এবার আয়োজকদের স্বস্তি। দ্রুত গিয়ে সে মঞ্চে বসে। তখন সব প্রতিযোগীর হাতে মুঠোফোন। তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। ব্রাউজিং করে উত্তর বের করতে গিয়ে কেউ ঠোঁট কামড়াচ্ছে, কারও হাতের মুঠো শক্ত হচ্ছে। যার মিলছে, সে হাত মুঠো করে ঝাঁকুনি দিয়ে বলছে, ‘ইয়েস!’ এভাবেই একটার পর একটা উত্তর দিয়ে মৌলভীবাজারের আই-জিনিয়াস নির্বাচিত হয় মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী ইবতেসাম নওশিন পারিসা।