ঝামেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এমন নয় যে আমার ঘাড়টা বিশাল। সাধারণ বাংলাদেশির ঘাড় (হালকা ত্যাড়া)। তবু খুব ভালোভাবে খেয়াল করে দেখেছি, যেকোনো ঝামেলা সব সময় আমার ঘাড়েই এসে পড়ে। ধরুন, অনেক কষ্টে একটা বাসে উঠেছি। উঠে দেখব একটাই সিট খালি। তাও একেবারে পেছনে। বাসে সিট পাওয়া ভাগ্যের ব্যাপার। দ্রুত সিট দখল করতে গিয়ে ছাদে ঝুলতে থাকা ফ্যানের সঙ্গে ঢুস করে বাড়ি খাব। হায়রে কপাল! সব যাত্রী আমার দিকে তাকাবে। অতি উত্সাহী একজন জিজ্ঞেস করবে, ‘আহা, ব্যথা পেয়েছেন?’ আমি বলব, ‘নাহ্!’ (বাড়ি খেয়ে ব্যথা পেলেও স্বীকার করতে হয় না) কপালের দুঃখ ভুলে সিটে বসে দেখা যাবে বৃষ্টির পানিতে ভিজে আছে সিট। কী আর করা, একটু বাতাসের আশায় জানালা খুলব, জানালাও খোলে না। কী যন্ত্রণা!
এ ধরনের আন্তর্জাতিক মানের ঝামেলাগুলোই আমার ঘাড়ে এসে পড়ে। এখন যেমন পড়েছে। বেশ কয়েকটা সিট খালি থাকা সত্ত্বেও এক স্বাস্থ্যবান ভদ্রলোক আমার পাশে এসে বসেছেন। ঝামেলা এটা নয়। ঝামেলা হলো পা দুটো সমকোণী ত্রিভুজের মতো দুই পাশে ছড়িয়ে বসে উনি আমার ওপর এমন চাপ সৃষ্টি করছেন যে মনে হচ্ছে বাসের জানালা ভেদ করে সীমানার বাইরে চলে যাব। আমি বেশ ভদ্রভাবে বললাম, ‘একটু চেপে বসবেন?’ উনি অবাক হয়ে বললেন, ‘কোথায় চাপব?’ ভাব দেখে মনে হয়, ক্রয়সূত্রে এই বাসের মালিক তিনি। ‘দুস্থ যাত্রী’ কোটায় আমাকে তাঁর পাশে বসতে দিয়েছেন। ‘৩০ দিনে স্লিম হউন’ টাইপের বিজ্ঞাপন আমি কখনোই বিশ্বাস করতাম না, এখন মনে হচ্ছে বিশ্বাস করা উচিত। বাসের সরু সিটে এ রকম স্বাস্থ্যবান একজন লোক প্রতিনিয়ত চাপ দিলে ৩০ দিনে স্লিম হওয়া খুবই সম্ভব।
সব সিট এখনো যাত্রীপূর্ণ হয়নি। চালক জানালা দিয়ে উদাস ভঙ্গিতে তাকিয়ে আছে। হেলপারের ‘মিরপুর চিড়াখানা’ ডাকের সঙ্গে পাল্লা দিয়ে চলছে বাসের ইঞ্জিন, কিন্তু বাস চলছে না। যাত্রীরা সবাই বিরক্ত। এরই মধ্যে দু-একজন জানালা-সংক্রান্ত বিবাদে জড়িয়েছেন। এক যাত্রী সিটে বসে জানালাটা পেছনে ঠেলে দিতেই বিবাদের শুরু। পেছনের যাত্রী জানালা ধাক্কা মেরে ঠেললেন সামনে। ব্যস, শুরু হয়ে গেল। জানালার অবস্থান দুই সিটের মাঝামাঝি আছে কি না, এ নিয়ে তুমুল তর্ক। বাস থেমে থাকলেও তাদের আন্তবাস বিতর্ক কোনোভাবেই থামছে না। বাস ও কথার গরমে অন্য যাত্রীরাও বিরক্ত। একজন খেপলেন চালকের ওপর। ‘কী ড্রাইভার, যাও না ক্যান? যাত্রী কি ফোন দিয়া বাসা থেকে ডাইকা আনবা?’
বাসের প্রতিটি যাত্রাই শিক্ষাসফরের মতো। শিক্ষাসফরের অভিজ্ঞতা বলে, ড্রাইভারের বিরুদ্ধে একজন কিছু বললে অন্যরাও মুখ খুলবে। এবারও তা-ই হলো, বাসের বিভিন্ন প্রান্ত থেকে ড্রাইভারের উদ্দেশে ধেয়ে এল কথার তির—
‘মামা, যাও না ক্যান? সিট তো সব ভইরা গেছে।’
‘আশ্চর্য! আধা ঘণ্টা ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছে!’
‘এগুলারে পিটান দরকার। না পিটাইলে এদের কানে কথা ঢুকবে না। আর একটা লোক উঠাবি না কইলাম!’
‘হালা ড্রাইভার, তুই যাবি, নাকি আমারে আইতে হইবো?’
ড্রাইভার আয়েশি ভঙ্গিতে গিয়ার বদলায়। সবার কটূক্তি রাগ ঝাড়তে বিকট শব্দে হর্ন বাজিয়ে এগিয়ে নেয় বাস। কিন্তু ঝামেলা এখানেই শেষ না। একটু পরই শুরু হয় ঐতিহাসিক জ্যাম। জ্যামের মধ্যে সময় কাটানোর জন্য কিছুক্ষণ পরই পাশের ভদ্রলোক (যদিও এখন আর তাঁকে ভদ্র মনে হচ্ছে না) নাকের ভেতর তর্জনী ঢুকিয়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অনুসন্ধান চালাতে লাগলেন। কী বিরক্তিকর! তারও কিছুক্ষণ পর সবাই যখন ধরেই নিয়েছে এ জ্যাম খুব সহজে ছাড়বে না, তখন ভদ্রলোক ঘুমিয়ে পড়লেন। আর তাঁর বিশাল মাথাটা একটু পর টর্নেডোর মতো আঘাত হানতে লাগল আমার ঘাড়ে (বলেছিলাম না, সব ঝামেলা আমার ঘাড়ে এসে পড়ে)! বাসে উঠেই ঘুম—এ ধরনের মানুষের সংখ্যা কম নয়। বাস একটা চলমান ঘুমকেন্দ্র। যাত্রীদের অনেকেই ঘুমিয়ে পড়েছে। কন্ডাকটর কী করবে? তারও তো কিছু করা উচিত। সে তাই কর্কশ কণ্ঠে ‘ভাই ভাড়াটা দ্যান’ বলে বলে ভাড়া নিতে এল। কেউ কেউ ঘুম-জড়ানো কণ্ঠে বললেন, ‘পরে নাও।’ কন্ডাকটর মানল না, ‘পরে আবার কে ভাড়া কাটব? অহনই দ্যান। লইয়া যাইগা। মামলা ডিসমিস।’ যাঁরা শান্তিপ্রিয়, তাঁরা ভাড়া মিটিয়ে আবার ঘুম দেন। কিন্তু যাঁরা কাঁচা ঘুম ভাঙায় বিরক্ত, তাঁরা গর্জে ওঠেন, ‘ওই ব্যাটা, কইলাম না পরে নিস? তোর ভাড়া না দিয়া যামু নাকি?’ সব কন্ডাকটর যাত্রীর এই তেজ মেনে নেয় না। ‘কত লোক আছে ভাড়া না দিয়া নাইমা যায়! কিছু পাবলিক আছে ফারামগেটের ভাড়া দিয়া মিরপুর গিয়া নামে।’
এবার আর ভাড়া না দিয়ে উপায় নেই। সবাই মানিব্যাগ বের করে। এ সময় বিভিন্ন প্রান্ত থেকে উত্তেজিত কথোপকথন শোনা যায়।
কন্ডাকটর: কত দিলেন? ২৩ টাকা ভাড়া।
যাত্রী: কিসের ২৩ টাকা? কবে থেকে গাড়ি চালাস তুই? প্রতিদিন যাই, আমি ভাড়া জানি না? ১৫ টাকা ভাড়া!
কন্ডাকটর: ভাই আরও এক টাকা দিবেন তো।
যাত্রী: আরে রাখেন।
কন্ডাকটর: সবাই এক টাকা কম দিলে ক্যামনে কী?
যাত্রী: কত রাখলা মামা? স্টুডেন্ট ভাড়া রাখো।
কন্ডাকটর: এই গাড়িতে ইস্টুডেন্ট ভাড়া নাই।
যাত্রী: সব গাড়িতে আছে এই গাড়িতে থাকব না ক্যান? মজা লও?
কন্ডাকটর এ সময় আবেগতাড়িত হয়ে পড়ে, ‘দশ-বিশ হাজার টাকার মোবাইল চালান, দামি হোটেলে খান। খালি বাসের ভাড়াটাই কম দিলেন মামা? গরিবের পেটে লাত্থি মাইরেন না, লাত্থি মারার লাইগা ফুটবল আছে।’
একমাত্র বাসেই ছাত্রদের সুবিধা দেওয়া হয়। আহা, সব জায়গায় দিলে কতই না ভালো হতো! অর্ধেক টাকায় সিনেমা দেখতে পারতাম। ঝামেলাও আছে। দেখা গেল, বার্গারের অর্ডার দিয়েছি, ওয়েটার অর্ধেক বার্গার এনে বলল, নেন, আপনি তো স্টুডেন্ট! কন্ডাকটর পরাজিত ভঙ্গিতে সামনে এগোতে থাকে। সবাই ভাড়া দিয়েছে কি না, এ ব্যাপারে নিশ্চিত হতে আবার জিজ্ঞেস করে, ‘ভাইয়ের ভাড়াটা হইছে?’ যাত্রী এমনভাবে তাকায় যেন স্কুলের গণিত শিক্ষককে কোনো ফাঁকিবাজ ছাত্র জিজ্ঞেস করেছে, ‘স্যার, আপনি অঙ্কে কত পেয়েছিলেন?’ অগ্নিদৃষ্টির পরও কন্ডাকটর যদি না বোঝে, তখন যাত্রী গর্জে ওঠে, ‘ওই ব্যাটা, ভাড়া দেই নাই তোরে? আবার জিগাস? চেহারা মনে থাকে না?’
বাস ধুঁকে ধুঁকে এগিয়ে চলে। যার যার গন্তব্যে নামতে থাকে যাত্রীরা। আমার পাশের ভদ্রলোক হঠাৎ ঘুম থেকে উঠে বললেন, ‘কল্যাণপুর আসলে বইলেন।’ বললাম, ‘কল্যাণপুর তো অনেক আগে পার হয়ে গেছে।’
‘সেকি! অ্যাই রেখে যাও, নামব। ওই ব্যাটা হেলপার, কল্যাণপুর ডাকবি না?’
কেউ কিছু বলল না। কিন্তু উনি নেমে যেতেই কয়েকজন বলে উঠল, ‘এহ্, নবাব! উনারে কোলে কইরা নামাইতে হবে। কোত্থেকে যে আসে এসব লোক!...’
যাক, বড় কোনো ঝামেলা ছাড়াই মিরপুর-১-এ এল বাস। আমি এখানেই নামব। সিট থেকে উঠতে গিয়ে টের পেলাম, ফরফর করে কাপড় ছেঁড়ার শব্দ। সিটের বেরিয়ে আসা টিনে লেগে নতুন কেনা পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে।

বলেছিলাম না, আমার সঙ্গেই সব ঝামেলা...!