ঝালে বেসামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পিৎজা খেতে ভালোবাসেন? যুক্তরাজ্যের স্লিফোর্ডে অবস্থিত লিটল ইতালি পিৎজা কোম্পানি তৈরি করেছে একটি বিশেষ পিৎজা। তবে এই পিৎজা খেতে হলে কোনো টাকা দিতে হবে না। উল্টো পুরোটা খেতে পারলে আপনাকে ২০ পাউন্ড (প্রায় আড়াই হাজার টাকা) পুরস্কার দেওয়া হবে! তবে একটা ছোট্ট শর্ত আছে। খাওয়ার আগে একটা চুক্তিপত্রে সই করতে হবে। চুক্তিপত্রে যা লেখা আছে, তার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, ‘এই পিৎজা খেতে গিয়ে আমি যদি আহত হই বা মারা যাই, তাহলে পিৎজা কোম্পানি দায়ী থাকবে না’!
এবার খোলাসা করেই বলি। লিটল ইতালি পিৎজা দাবি করছে, এটিই পৃথিবীর সবচেয়ে ঝাল পিৎজা। ভারতের বিখ্যাত ঝাল খাবার ভিন্ডালু কারি খেতে গিয়েই অনেকের চোখের পানি নাকের পানি এক হয়। সেখানে এই পিৎজা নাকি ভিন্ডালু কারি থেকেও ১২০ গুণ বেশি ঝাল। এই পিৎজা খেতে গিয়ে আপনার জিবা দিয়ে রক্ত ঝরতে পারে, মানুষকে কাঁদাতে এটি নাকি ‘টিয়ার গ্যাস’-এর চেয়েও ভয়ংকর কাজ করে! এখন পর্যন্ত একজনই এই পিৎজা মুখে দেওয়ার ‘দুঃসাহস’ দেখিয়েছেন। তিনি লুসি আর্চার। লুসির ভাষ্যমতে, ‘এটা ভয়াবহ ঝাল! এক কামড় খেয়েই আমার মনে হচ্ছিল জ্ঞান হারাব, তাই পুরোটা শেষ করতে পারিনি।’ পিৎজার শেফ জেমস ব্রডেরিককে প্রশ্ন করা হয়েছিল, তৈরি করার সময় তিনি নিজে পিৎজাটা চেখে দেখেছেন কি না। উত্তরে জেমস বলেছেন, ‘মাথা খারাপ!’
এক্সপ্রেস ইউকে