ঝুঁকিপূর্ণ কাজে শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চামড়া কারখানার বর্জ্য মাথায় করে নিয়ে যাচ্ছে এক শিশুশ্রমিক ।  ছবি: প্রথম আলো
চামড়া কারখানার বর্জ্য মাথায় করে নিয়ে যাচ্ছে এক শিশুশ্রমিক । ছবি: প্রথম আলো

আবদুর রহিমের বয়স ১০ বছর। সে মোহাম্মদপুর বেড়িবাঁধের পাশে একটি লেদ কারখানায় কাজ করে। মলিন মুখ, শরীরের এখানে-সেখানে কালিমাখা, হাতে কাটাছেঁড়ার দাগ আর ধুলামাখা চুল তার। রংচটা পোশাকেও অনেক দাগ লেগে আছে। ১৮ মার্চ রাত ১০টায় এই প্রতিবেদকের সঙ্গে যখন রহিমের কথা হয় তখন সে কারখানার সারা দিনের জমে থাকা ময়লা ঝাড়ু দিচ্ছিল।
রহিম জানায়, সকাল নয়টায় কারখানায় এসেছে। রাত ১১টায় কারখানা বন্ধ হলে তবেই ঘরে ফিরবে। এভাবেই এক বছর ধরে এ কারখানায় কাজ করছে। সারা দিন লোহা কাটার জন্য হাতুড়ি পেটানো, ভারী লোহার যন্ত্র আনা-নেওয়া, লোহা কাটা, মেশিন মেরামতসহ নানা ধরনের কাজ করতে হয় তাকে। এ কাজ করতে গিয়ে অনেকবার তার হাত কেটে গিয়েছে। হাতে ব্যথাও পেয়েছে অনেকবার। এ ছাড়া কারখানার কাজের পাশাপাশি মালিকের ফরমাশও মেনে চলতে হয় তাকে।
ধানমন্ডি ১৫ নম্বর সড়কে একটি ওয়ার্কশপে কাজ করে মহিন মিয়া (১২)। এখানে লোহা ঝালাইয়ের কাজ করে সে। প্রতিরোধক হিসেবে চশমা ব্যবহারের কথা থাকলেও শিশুটির চোখে তা নেই।
হাজারীবাগের চামড়া কারখানার বর্জ্য যেখানে গিয়ে পড়েছে, সেখানে টুকরা টুকরা চামড়া কুড়ানোর কাজ করে ১১ বছরের হিরণ। রাসায়নিকমাখা বর্জ্য থেকে সে চামড়া কুড়িয়ে তা শুকানোর পরে বিভিন্ন দোকানে বিক্রি করে। এ ছাড়া পশুর শিং, হাড়ও কুড়ায় সে। হিরণ জানায়, এ কাজ করতে তার ভালো লাগে না। বাধ্য হয়ে করে। বাবা পঙ্গু, কাজ করতে পারে না। মা পরের বাড়িতে কাজ করে। সংসারে আরও ছোট দুই বোন আছে তার। সবার কথা চিন্তা করেই সে কাজে নেমেছে।
জিগাতলা থেকে ফার্মগেটে যাওয়া হিউম্যান হলারে হেলপারের কাজ করে ফিরোজ (১২)। প্রতিদিন ঝুলতে ঝুলতে সে কাজ করে। কয়েক দিন আগে সে হলার থেকে পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পায়। ফিরোজ বলে, ‘যাত্রী উডানোর পর আমারে ছাড়াই গাড়ি রওনা দেয়। দৌড় দিয়া গাড়িতে উঠছি ঠিকই, কিন্তু তাল সামলাতে না পাইরা পইড়া যাই। এরপর সাত দিন কামে আইতে পারি নাই, হেই সাত দিনের বেতন কাডা গেছে।’
নয় বছরের শিশু নাজমা কাজ করে রাজধানীর মালিবাগের একটি বাড়িতে। রান্নাবান্না থেকে শুরু করে ঘর মোছা, কাপড় ধোয়া সবই করতে হয় তাকে। এক দিন ভাতের ফ্যান গলাতে গিয়ে গরম ফ্যান হাতে পড়ে। এতে তার হাত পুড়ে যায়। আরেক দিন বাসায় পানি ছিল না। নিচে রিজার্ভ ট্যাংক থেকে বালতি ভর্তি করে পানি নিয়ে সিঁড়ি দিয়ে ওঠার সময় নাজমা বালতিসহ পড়ে যায়। এতে তার পা মচকে যায়।
দেশে বিদ্যমান শিশু আইনে শিশুদের দিয়ে এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করানো সম্পূর্ণ বেআইনি। সরকার ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১৮২ নম্বর সনদে স্বাক্ষর করে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বহু শিশু ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত। এসব কাজ করতে গিয়ে শিশুরা নানা দুর্ঘটনার শিকার হচ্ছে। এ ছাড়া অনেকে নানা রোগব্যাধিরও শিকার হচ্ছে। তাদের মানসিক বিকাশও ব্যাহত হচ্ছে।
বর্তমানে বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কাজে ঠিক কত শিশু কাজ করে, এ ধরনের কোনো পরিসংখ্যান জানে না শ্রম মন্ত্রণালয়। এমনকি কী কী ধরনের ঝুঁকিপূর্ণ কাজ করছে তারও সুনির্দিষ্ট তথ্য জানা নেই তাদের। এ বিষয়ে জানতে চাইলে শ্রম মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে বর্তমান কোনো পরিসংখ্যান নেই।’ তিনি জানান, কোনো কোনো ঝুঁকিপূর্ণ কাজ করছে তাঁর সুনির্দিষ্ট তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই, তবে এ বিষয়ে আমাদের ধারণা আছে।
তিনি জানান, ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের ফিরিয়ে আনতে সরকার একটি প্রকল্প পরিচালনা করছে। এর আওতায় ৫০ হাজার শিশুকে এসব কাজ থেকে ফিরে এনে শিক্ষা, ভাতা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটি বর্তমানে তৃতীয় পর্যায়ে চলছে। শিগগিরই চতুর্থ পর্যায়ে বর্ধিত করা হবে।
দীর্ঘদিন ধরে দেশে এবং বিদেশে মানবদেহে ঢুকে পড়া ক্রোমিয়ামের প্রভাব নিয়ে গবেষণা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আবুল হোসেন। তিনি জানান, চামড়াশিল্পে ব্যবহূত রাসায়নিক মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক। চামড়া শিল্পগুলোতে পশুর চামড়া প্রক্রিয়াকরণের জন্য প্রচুর ক্রোমিয়াম ব্যবহূত হয়। ট্যানারি শিল্পে শিশুরা যেভাবে খালি গায়ে ও খালি হাতে দীর্ঘ সময় ধরে কাজ করে, তাতে এ রাসায়নিক প্রবেশ করে তাদের ফুসফুসে ও চামড়ায় ক্যানসার হতে পারে। এ ছাড়া নানা ধরনের চর্মরোগ দেখা দিতে পারে।
এ প্রসঙ্গে বারডেম হাসপাতালের শিশু বিভাগের প্রধান তাহমিনা বেগম বলেন, প্রতিরোধক ছাড়া ঝালাই কারখানায় কাজ করার কারণে শিশুরা অল্প বয়সে দৃষ্টিশক্তি হারায়। বিভিন্ন স্থানে সঠিক কর্মপরিবেশের অভাবে শিশুরা ময়লা হাতেই খাবার খায়। এতে শিশুদের নানা ধরনের পেটের অসুখ হয়ে থাকে। যেসব শিশু বাসাবাড়িতে কাজ করে তাদের দিয়ে ভারী বালতি টানা, কাপড় ধোয়ার মতো কঠিন কাজ করানো হয়। এতে মেরুদণ্ডে ক্ষতি হয়। আর বিভিন্ন পর্যায়ে কাজ করতে গিয়ে শিশুরা যে শারীরিক নির্যাতনের শিকার হয়, তাতে করে তারা মানসিকভাবে প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হয়। এতে তাদের মানসিক বিকাশও ব্যাহত হয়।