ঝুলন্ত তার আপাতত না কাটার অনুরোধ আইএসপিএবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণাঙ্গভাবে সরবরাহ ব্যবস্থা (লোকাল ডিস্ট্রিবিউশন পয়েন্ট-এলডিপি) তৈরি না করেই ২১ আগস্ট মতিঝিল, দিলকুশা ও রাজধানীর বিভিন্ন সড়কের বৈদ্যুতিক খুঁটি থেকে ইন্টারনেট সংযোগ দেওয়ার ঝুলন্ত ফাইবার অপটিক তার অপসারণের প্রতিবাদ জানিয়েছে ইন্টারনেট সংযোগদাতাদের সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সম্প্রতি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) পত্রিকায় ২১ আগস্ট ইন্টারনেট ও ডিশ টিভির সংযোগ দেওয়ার ঝুলন্ত তার অপসারণের বিজ্ঞপ্তি প্রকাশ করে। গতকাল মঙ্গলবার ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরে আইএসপিএবি নেতারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে ‘নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন লাইসেন্স (এনটিটিএন)’ সেবা দিচ্ছে সামিট কমিউনিকেশন এবং ফাইবার অ্যাট হোম। তবে প্রতিষ্ঠান দুটি আইএসপিএবির চাহিদা পূরণ করতে পারছে না। ফলে সংগঠনের সদস্যরা গ্রাহকদের সেবা দিতে নিজেরাই নেটওয়ার্ক তৈরি করছে। আর তাই ইন্টারনেট সংযোগ দেওয়ার নির্দিষ্ট জায়গা অর্থাৎ এলডিপি বাড়ানো এবং সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ঝুলন্ত তার না কাটার অনুরোধ জানানো হয় সংবাদ সম্মেলনে।
সম্মেলনে আইএসপিএবির সভাপতি এম এ হাকিম বলেন, ‘প্রতিবারই এ ধরনের পরিস্থিতি হলে ডিপিডিসি এবং বিদ্যুৎ বিভাগের দায়দায়িত্ব এনটিটিএন সেবাদাতাদের বদলে আইএসপি সেবাদাতাদের চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।’ তিনি উল্লেখ করেন, মতিঝিল ও দিলকুশা এলাকা রাজধানীর অন্যতম বাণিজ্যিক এলাকা, যেখানে জয়েন্ট স্টক কোম্পানি, বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয়, বিমা ও বড় বড় প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের বেশির ভাগই আইএসপি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ইন্টারনেট সংযোগ নিচ্ছে। হঠাৎ করে এমন সিদ্ধান্তে এ এলাকায় ইন্টারনেট সেবা চরমভাবে ব্যাহত হবে।
আইএসপিএবির সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক ব্যাখ্যা দিয়ে বলেন, মতিঝিল এলাকায় সামিট কমিউনিকেশনের আটটি এবং ফাইবার অ্যাট হোমের আটটি এলডিপি আছে, যা এই এলাকার ভবন ও প্রতিষ্ঠানগুলোর জন্য খুবই কম। তিনি এলডিপি বাড়ানোর আগ পর্যন্ত ঝুলন্ত তার না কাটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন।
এ ধরনের সমস্যা এর আগেও হয়েছে এবং আইএসপিএবি থেকে প্রতিবাদও করা হয়েছিল। এর স্থায়ী সমাধান কী হতে পারে, এমন প্রশ্নে আইএসপিএবি নেতারা বলেন, দুটি এনটিটিএন এ সেবা দেওয়ার জন্য যথেষ্ট নয়। ন্যূনতম চার-পাঁচটি এনটিটিএন হলে ভালো হয়। বিশেষ করে ঢাকায় বিভিন্ন এলাকা ভাগ করে এনটিটিএন বাড়ালে এ সেবাটি ভালোভাবে দেওয়া সম্ভব। সারা দেশে বর্তমানে আইএসপিগুলো ৩৭ হাজারের বেশি করপোরেট এবং দেড় লাখের বেশি ব্যক্তিগত গ্রাহকদের সেবা দিচ্ছে।
সংবাদ সম্মেলনে আইএসপিএবির সাবেক সভাপতি মো. আক্তারুজ্জামান, সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ কে এম কামাল উদ্দিন আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক