ঝোঁক সেই বিবিএ-এমবিএতে

সরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রকৌশলী আলী ইকবাল মোহম্মদ নুরুল্লাহ। ব্যবস্থাপক পর্যায়ের এই কর্মকর্তা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি নিতে ভর্তি হয়ে গেলেন ২০০৫ সালে। ২০০৭ সালেই পেলেন এমবিএ ডিগ্রি। এর এক বছরের মাথায় তিনি উপমহাব্যবস্থাপক এবং ২০১৩ সালে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পান।
আলী ইকবাল মোহম্মদ নুরুল্লাহ বলেন, এমবিএ ডিগ্রি তাঁর পেশাগত অগ্রগতিতে বড় ভূমিকা রেখেছে। এমবিএর সুবিধা বুঝতে পেরে অনেক বিশ্ববিদ্যালয়ও এখন এ ডিগ্রি দিচ্ছে। তবে খুব ভালো কোনো বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ না করলে এর মূল্য নেই।
ব্যবসায় প্রশাসনে পড়াশোনা করার ঝোঁক তৈরি হওয়ার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) বড় ভূমিকা রয়েছে। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত আইবিএর স্নাতকদের পেশাগত জীবনে ভালো করার কারণে ব্যবসায় প্রশাসন বিষয়টি সবার কাছে আকর্ষণীয় বিষয় হিসেবে পরিচিত ছিল। পরে নব্বইয়ের দশকে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ব্যবসায় প্রশাসনে পড়ার হিড়িক পড়ে যায়।
ইকোনমিস্ট-এর প্রতিবেদনে আইবিএ নিয়ে পর্যবেক্ষণে বলা হয়েছে, সেখানে যাঁরা পড়াশোনা করতে যান, তাঁদের অনেকেই ভালো চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন্ন ক্ষেত্রের দক্ষ পেশাজীবী। ব্যবসায় প্রশাসনে ডিগ্রি পাওয়ার পর দেখা যায়, তাঁদের পদোন্নতি হয়েছে। নিজের পেশায় আরও ভালো কাজ করছেন। আইবিএতে তাঁরা যেটি অতিরিক্ত পেয়েছেন, সেটি হলো ইংরেজি ভাষা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিসহ বেশ কিছু বিষয়। ফলে তাঁদের পেশাগত অগ্রগতি দেখেই অন্য তরুণেরাও আগ্রহী হন ব্যবসায় প্রশাসনে পড়ার।
ইউজিসির ২০১২ সালের প্রতিবেদন অনুযায়ী, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ছিলেন ব্যবসায় প্রশাসনে, যার পরিমাণ এক লাখ ৩৩ হাজার ১৮৬। বিজ্ঞানের বিভিন্ন বিষয়সহ চিকিৎসা, প্রকৌশল ও কৃষিবিজ্ঞানে শিক্ষার্থী ছিল ৯৭ হাজার ৮৬১ জন। আর কলা, সামাজিক বিজ্ঞান (অর্থনীতিসহ), শিক্ষা ও আইন বিষয়ে সম্মিলিতভাবে শিক্ষার্থী ছিলেন ৭৪ হাজার ৩৪৪। ২০১২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর ৪২.৩৩ শতাংশই ব্যবসায় প্রশাসনে পড়েছেন।
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এ চিত্র ভিন্ন। সেখানে কলা ও সামাজিক বিজ্ঞানে শিক্ষার্থীর সংখ্যা বেশি হলেও বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগে শিক্ষার্থীর সংখ্যা কম নয়। ২০১২ সালে ৩২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ৭২.৬ ভাগ সাধারণ বিশ্ববিদ্যালয়ে এবং ২৭.৪ ভাগ শিক্ষার্থী প্রযুক্তি ও অন্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত ছিলেন।
৩২টি বিশ্ববিদ্যালয়ে এক লাখ ৯৭ হাজার ২৭৮ জন শিক্ষার্থীর মধ্যে কলা ও মানবিকে ৩৯ হাজার ৭০১, সামাজিক বিজ্ঞানে ৩০ হাজার ৪৭৯, বিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ছিলেন ৯১ হাজার ৬৭২ এবং বাণিজ্যে ২৫ হাজার ৯৫০ জন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যবসায় প্রশাসনে খুব বেশি পরিমাণে শিক্ষার্থী ভর্তির প্রবণতার সঙ্গে সঙ্গে আরেকটি প্রবণতা লক্ষ করা গেছে সরকারি বিশ্ববিদ্যালয়ে। অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের ডিগ্রিগুলো বিজনেস স্টাডিজ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে নতুন নামকরণ করা হয়েছে।
তথ্যপ্রযুক্তি বিষয়ে ডিগ্রিধারীর সংখ্যা বাড়লেও বিজ্ঞানের মৌল বিষয়সমূহে ছাত্রসংখ্যা কমে যাওয়ায় দেশের ভবিষৎ উন্নয়ন ব্যাহত হতে পারে বলে ওই প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করেছে ইউজিসি।