টপকোডার ওপেনের চতুর্থ রাউন্ডে বাংলাদেশ
বিশ্বের অন্যতম বড় কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা টপকোডার ওপেনের চতুর্থ পর্বে উঠেছে বাংলাদেশ। ১০ জুলাই ইন্টারনেটের মাধ্যমে অনুষ্ঠিত তৃতীয় পর্বে উত্তীর্ণ হয়ে চতুর্থ পর্বে উন্নীত হয়েছেন বাংলাদেশের তিন প্রোগ্রামার।এ পর্বেপ্রতিযোগিতা হবে ১৫০ জন প্রোগ্রামারের মধ্যে। বাংলাদেশের তিন প্রোগ্রামার হচ্ছেন মুক্ত সফটওয়্যার লিমিটেডের সফটওয়্যার প্রকৌশলী মনজুরুর রহমান খান, রেলি সোর্সের সফটওয়্যার প্রকৌশলী সোহেল হাফিজ ও আফ্রিজিস বিডির সফটওয়্যার প্রকৌশলী আরিফুজ্জামান। প্রতিযোগিতায় এখন বাংলাদেশের অবস্থান নবম।রাশিয়া ও চীনের প্রোগ্রামাররা আছেন শীর্ষে। প্রতিযোগিতায় রাশিয়ার ২৯ ও চীনের ২২ জন প্রোগ্রামার চতুর্থ পর্বে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। ভারতের আছেন দুজন প্রোগ্রামার।প্রতিযোগিতার চতুর্থ ও পঞ্চম পর্বও হবে ইন্টারনেটে।এর পর চূড়ান্ত পর্বহবে যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বাংলাদেশের এই সাফল্য সম্পর্কে এসিএম আইসিপিসি বিশ্ব চ্যাম্পিয়নশিপের বিচারক ও সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান বিভাগের প্রধান শাহরিয়ার মঞ্জুর বলেন, ‘আমাদের দেশের প্রোগ্রামারদের সাফল্যে ভালো লাগছে। তবে এরা কেবল প্রোগ্রামিং সমস্যার সমাধানেই নয়, সমস্যা সৃষ্টিতেও অত্যন্ত দক্ষ। প্রোগ্রামিং প্রতিযোগিতায় ভারতের চেয়ে বরাবরই আমাদের প্রোগ্রামাররা ভালো করে আসছে।’ এই তরুণ প্রজন্ম যখন সফটওয়্যারশিল্পে ও গবেষণায় নেতৃত্ব দেবে, তখনই সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ তৈরি হবে বলে জানিয়েছেন তিনি। টপকোডার ওপেন প্রতিযোগিতা সারা বিশ্বের প্রোগ্রামারদের জন্য বিশেষ প্রতিযোগিতা, যেখানে যে কেউ নিবন্ধনের মাধ্যমে অংশ নিতে পারবে। ছয়টি বিষয় নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যার মধ্যে প্রোগ্রামিং অন্যতম। আগামী ১২, ১৩ ও ১৪ আগস্ট চূড়ান্ত পর্ব হবে। প্রতিযোগিতার ওয়েবসাইট www.topcoder.com/tco10। —নুরুন্নবী চৌধুরী