টাই ঢাকার যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাই ঢাকার আনুষ্ঠানিক যাত্রা শুরু
টাই ঢাকার আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রযুক্তিতে উদ্যোগ আর উদ্যোক্তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সিলিকন ভ্যালির সুপরিচিত সংগঠন দ্য ইন্ডাস এন্টারপ্রেনর্স বা টাই (টিআইই)।
বাংলাদেশে প্রযুক্তি উদ্যোগের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার লক্ষ্য টাইয়ের। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমজমাট আয়োজনে অলাভজনক এ সংগঠনে উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জন ড্যানিলোইজ ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) সভাপতি রোকেয়া আফজাল রহমান। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইই ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি সোনিয়া বশির কবির ও সহ-সভাপতি শামীম আহসানসহ টিআইই ঢাকার অন্যান্যরা।
টিআইই ঢাকার সভাপতি সোনিয়া বশির কবির অনুষ্ঠানে টিআইইর পরিচিতি তুলে ধরে বলেন, বিশ্বের বৃহত্তম অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন টাই। সংগঠনটি বিশ্বের বিভিন্ন দেশের উদ্যোক্তাদের জন্য কাজ করে। বাংলাদেশে আমরা পেশাজীবী ও ব্যবসায়ীদের নিয়ে সংগঠনটির যাত্রা শুরু করেছি, নতুন প্রজন্মের উদ্যোক্তাদের এগিয়ে নিতে সব রকম সহায়তা দেবে টাই।
টাই প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের সহায়তায় বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে বলে জানান সোনিয়া বশির।

সোনিয়া বশির জানিয়েছেন, এ দেশের জনসংখ্যার অর্ধেকের বেশির বয়স ২১ বছরের নিচে। এ বিপুল জনগোষ্ঠী দেশের জন্য বয়ে আনতে পারে অপার সম্ভাবনা। আর সম্ভাবনাময় এ জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে টাই ঢাকা।

সিলিকন ভ্যালির এক দল সফল উদ্যোক্তা ও অভিজ্ঞ পেশাজীবী মিলে ১৯৯২ সালে সংগঠনটির কার্যক্রম শুরু করে। প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার মাধ্যমে উদ্যোক্তাদের পাশে থাকা ও নতুন উদ্যোক্তা তৈরিই সংগঠনটির মূল লক্ষ্য। বর্তমানে ১৭ দেশের ৬০ টি অঞ্চলে টাইয়ের কার্যক্রম চলছে। এর সঙ্গে যুক্ত রয়েছেন ১১ হাজার সদস্য ও দুই হাজার ৫০০ জন চার্টার সদস্য।