টাইটানিক আসছে মোবাইলে!
বহুল আলোচিত জাহাজ টাইটানিকের কথা সবাই জানেন। ১৯১২ সালের ১৪ এপ্রিল আটলান্টিকের বুকে বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে এটি ডুবে গিয়েছিল। মজার ব্যাপার হলো, আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়ার ১০০ বছর পূর্তি উপলক্ষে জাহাজটি আবার ফিরে আসছে। তবে তা কোনো মহাসাগরে নয়, ফিরে আসছে মোবাইল ফোনে। কি অবাক হচ্ছেন? অ্যাপলের অ্যাপ স্টোরে অ্যাপ্লিকেশন আকারে যাত্রা শুরু করছে আরএমএস টাইটানিক। ব্রিটেনের দ্য হিস্ট্রি প্রেস এ অ্যাপ্লিকেশনটি ডেভেলপ করেছে। আইপ্যাড ব্যবহারকারীরা এ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন। এখানে বিশ্বের বিভিন্ন টাইটানিক বিশেষজ্ঞের কাছ থেকে টাইটানিক-সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি এ অ্যাপ্লিকেশনে টাইটানিকের বেশ কিছু দুর্লভ চিত্র এবং বিভিন্ন বিষয়ও যুক্ত করা হয়েছে। ডুবে যাওয়া টাইটানিকের সেই ঘটনা ১০০ বছর পর আজও মানুষের মনে কৌতূহল জাগিয়ে তোলে। আর সেই কৌতূহল দূর করার জন্যই টাইটানিক-সম্পর্কিত বিস্তারিত তথ্য, ডেক প্ল্যান, বায়োগ্রাফি এবং জাহাজের প্রায় প্রতিটি জায়গার ছবি নিয়ে এ অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাপ্লিকেশনটি ১২ মার্চ অ্যাপ স্টোরে আসছে। তবে এটি কত দামে বিক্রি হবে, তা এখনো জানা যায়নি। —ম্যাশঅ্যাবল অবলম্বনে প্রদীপ সাহা