টাইমের বর্ষসেরার মনোনয়ন পেল ‘ঈশ্বর কণা’
২০১২ সালের ৪ জুলাই জেনেভায় বিজ্ঞানীরা হিগস বোসন কণা আবিষ্কারের ঘোষণা দিয়েছিলেন। এ বছরের টাইম সাময়িকীর প্রচ্ছদ হিসেবে তালিকায় থাকা ৩৮ টি মনোনয়নের মধ্যে হিগস বোসন কণা আবিষ্কারের এ ঘটনাটি রয়েছে। টাইম সাময়িকীর দৃষ্টিতে এবারের ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে গড পার্টিকেল বা ঈশ্বর কণার পাশাপাশি মঙ্গল-যান কিউরিওসিটি-ও মনোনয়ন পেয়েছে। এ বছরে বিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে আলোচিত উদ্ভাবন ছিল হিগস বোসন কণার খোঁজ ও মঙ্গলে কিউরিওসিটির অবতরণ। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।টাইমের বর্ষসেরা ব্যক্তিদের তালিকা তৈরিতে ব্যক্তির প্রোফাইল বা দলের প্রোফাইল, ধারণা, বা প্রভাবশালী কোনো ঘটনাকে বেছে নেওয়া হয়। ১৯২৭ সাল থেকে টাইম সাময়িকী ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করে আসছে।হিগস বোসন কণা বস্তুর ভর কীভাবে সৃষ্টি হয় তা জানতে সাহায্য করে। সুইজারল্যান্ডের লার্জ হ্যাড্রন কোলাইডারে কণার মধ্যে সংঘর্ষ ঘটিয়ে হিগস বোসন কণার অস্তিত্ব আবিষ্কার করেছেন গবেষকেরা। ব্রিটিশ বিজ্ঞানী পিটার হিগসের নাম অনুসারে এ কণার নামকরণ করা হয় হিগস বোসন কণা। বোসন কণার নামকরণের সঙ্গে যুক্ত রয়েছে বাংলাদেশের বিজ্ঞানী সত্যেন বসুর নাম।প্রসঙ্গত, এর আগে জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, মার্ক জাকারবার্গের মতো ব্যক্তিরা বর্ষসেরা ব্যক্তি হিসেবে টাইম প্রচ্ছদে এসেছেন। আবার ১৯৮২ সালে ‘কম্পিউটার’ নির্বাচিত হয়েছিল বর্ষসেরার তালিকায়। উল্লেখ্য, ২০১১ সালে টাইমের বর্ষসেরার তালিকায় স্থান পেয়েছিল দ্য প্রটেস্টর, যা ছিল মূলত বিশ্বব্যাপী আন্দোলনের প্রতীক।