টাকার বিমান ওড়ালেন রুশ ‘জাকারবার্গ’!
একদিকে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ যেখানে খাবারের পর বকশিশ দিতে গিয়ে কৃপণতা করছেন, সেখানে রুশ জাকারবার্গ বলে পরিচিত রাশিয়ার অন্যতম ধনী পাভেল দুরভ ওড়ালেন টাকা।রাশিয়া টুডের বরাত দিয়ে সম্প্রতি হাফিংটন পোস্টে প্রকাশিত খবরে বলা হয়, স্থানীয় মুদ্রায় পাঁচ হাজার রুবলের নোট (১৬০ মার্কিন ডলার) দিয়ে তৈরি বিমান জানালা গলে উড়িয়ে দিয়েছেন পাভেল দুরভ। সেন্ট পিটার্সবার্গে অবস্থিত নিজের প্রধান কার্যালয় থেকে একে একে তিনি দুই হাজার মার্কিন ডলার মূল্যের রুবল দিয়ে তৈরি বিমান উড়িয়েছেন। আর এই বিমান কুড়াতে পড়ে গেছে হুড়োহুড়ি।রাশিয়ান অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ‘ভিকেঅনটাকটে’র মালিক ও প্রধান নির্বাহী পাভেল দুরভ। বিজনেস ইনসাইডারের তথ্য অনুসারে ২৬ কোটি ডলারেরও বেশি অর্থসম্পদ রয়েছে ২৭ বছর বয়সী ‘ক্রেজি’ পাভেলের। ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের প্রায় সমবয়সী হওয়ায় দুরভ রাশিয়ার ‘মার্ক জাকারবার্গ’ হিসেবে খ্যাত।এ প্রসঙ্গে দুরভ জানিয়েছেন, স্রেফ মজা করার উদ্দেশ্যে ও মানুষের প্রতিক্রিয়া জানতে এমনটা করেছেন তিনি। ঘটনার সময় তাঁর সহকর্মীরা অফিসের ওপরে থেকে মানুষের নোট কুড়ানোর এই দৃশ্য উপভোগ করেছেন। তবে পুরো বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে সমালোচনার মুখে পড়েছেন পাভেল দুরভ।এদিকে এক খবরে যুক্তরাজ্যের টেলিগ্রাফ পত্রিকাটি জানায়, বিয়ের পর নাকি কৃপণ হয়ে উঠেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ! পকেট থেকে নাকি একেবারেই টাকা-পয়সা বের করতে চাইছেন না! নিন্দুকেরা বলাবলি করছেন, বিয়ের আগে জাকারবার্গ যে পরিমাণ খরচ করতেন, বিয়ের পর থেকে তিনি নাকি একেবারে হাত গুটিয়ে নিয়েছেন। দীর্ঘদিনের বান্ধবী চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিক প্রিসিলা চ্যানকে বিয়ের পর রোমে হানিমুনে গিয়েছেন তাঁরা। সেখানে একটি হোটেলে দুপুরের খাবার খেতে গিয়ে ৩২ ইউরো খরচ করে দুপুরের খাবার খেয়েছেন। খাবারের পর সামান্যতম বকশিশটুকুও দেননি এই ২০ বিলিয়ন ডলারের মালিক।