টাঙ্গাইলে বাংলালিংকের থ্রিজি চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর বাংলালিংক টাঙ্গাইলে থ্রিজি-সেবা চালু করেছে। আজ মঙ্গলবার শহরের নিরালা মোড় থেকে একটি র্যালির মাধ্যমে বাণিজ্যিকভাবে থ্রিজি-সেবা চালু করে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র শহীদুর রহমান খান। র্যালিতে বাংলালিংকের আঞ্চলিক বাণিজ্যিক প্রধান (ময়মনসিংহ অঞ্চল) আসিফুজ্জামান খান, পিআর অ্যান্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট ম্যানেজার ইফতেখার আযম শাফিনসহ বাংলালিংকের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলালিংকের বাণিজ্যিকভাবে চালু করা এই সেবার মাধ্যমে টাঙ্গাইল শহরের অধিবাসীকে প্রযুক্তির নতুন দিকে নেওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এ সেবার মূলে আছে ‘সবার জন্য বাংলালিংক থ্রিজি’, যা গ্রাহকদের উচ্চ গতিসম্পন্ন ডাটা কানেক্টিভিটির সুবিধা পাওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে।

বাংলালিংকের থ্রিজি সেবা গ্রহণকারী একজন গ্রাহক ভিডিও কলও করতে পারবেন।

অনুষ্ঠানে আসিফুজ্জামান খান বলেন, ‘বাংলালিংক সব সময়ই প্রতিশ্রুতির আলোকে বাংলাদেশের টেলিযোগাযোগ প্রযুক্তির নিত্যনতুন সেবা প্রবর্তনে অগ্রণী ভূমিকায় থাকে। সে অনুযায়ী অধিকতর উন্নত মানের সেবা দিতেই টাঙ্গাইলে উদ্বোধন করা হলো থ্রিজি-সেবা।’

বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মুঠোফোন অপারেটর বাংলালিংক। নেদারল্যান্ডসভিত্তিক ভিম্পেলকম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানটির প্রায় দুই কোটি ৯০ লাখ গ্রাহক আছে।

গত বছরের অক্টোবর থেকে বাণিজ্যিকভাবে বাংলালিংক থ্রিজির যাত্রা শুরু করে। এর কিছুদিনের মধ্যে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট ও ময়মনসিংহের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাণিজ্যিকভাবে থ্রিজি-সেবা পৌঁছে দেয় প্রতিষ্ঠানটি।