টাচস্ক্রিন প্রযুক্তির সাশ্রয়ী মোবাইল ফোন আনছে নকিয়া
টাচ প্রযুক্তির সাশ্রয়ী স্মার্টফোন তৈরি করছে ফিনল্যান্ডের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া। বড় আকারের টাচস্ক্রিনযুক্ত তিনটি নতুন মডেলের মোবাইল ফোন তৈরির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। নকিয়ার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নকিয়ার তৈরি টাচ প্রযুক্তির স্মার্টফোনের তিনটি মডেলই হবে সাশ্রয়ী দামের। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের মতে, বাজারে সাশ্রয়ী দামের টাচ প্রযুক্তির মোবাইল ফোনের প্রচুর চাহিদা রয়েছে। ২০১১ সালেই এ ধরনের ১০ কোটিরও বেশি মোবাইল ফোন বিক্রি হয়েছে। এদিকে সাধারণ (ইন্টারনেট সুবিধা ব্যতীত বেসিক মোবাইল ফোন) মোবাইল ফোনের ক্ষেত্রে একসময় বাজারে একচ্ছত্র আধিপত্য ছিল নকিয়ার। সম্প্রতি নকিয়ার এ আধিপত্যে স্যামসাং ও অন্যান্য মোবাইল নির্মাতারা ভাগ বসিয়েছে। তাই নকিয়ার বাজার দ্রুত সংকুচিত হয়ে পড়ছে। বাজারে নিজেদের অবস্থান ফেরাতেই নতুন তিনটি মোবাইল তৈরি করছে প্রতিষ্ঠানটি।নকিয়ার নতুন তিনটি মডেল যুক্ত হচ্ছে ‘আশা’ সিরিজে। মডেল তিনটির নাম হবে—আশা ৩০৫, আশা ৩০৬ ও আশা ৩১১। মোবাইল তিনটির দাম হবে ৮০ থেকে ১০০ ডলারের মধ্যেই।চলতি বছরের জুলাই মাস থেকেই আন্তর্জাতিক বাজারে পাওয়া যাবে আশা সিরিজের মোবাইলগুলো।