টাটকা রস
টাকা রাখবেন কোথায়?
সম্প্রতি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে উধাও হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮০৮ কোটি টাকা। সুতরাং বোঝাই যাচ্ছে টাকা আসলে কোথাও নিরাপদ নয়। জাতির এই ঘোর দুঃসময়ে রস+আলো তো আর বসে থাকতে পারে না। তাই দায়িত্ব নিয়ে মনে করিয়ে দিচ্ছে টাকা রাখার বেশ কিছু অতিপরিচিত উপায়। লেখা: এ এস এম রিয়াদ
মাটির নিচে কলসে
প্রাচীনকাল থেকেই এই পদ্ধতি একেবারে অব্যর্থ। আগেকার দিনের রাজা-বাদশারা তো তা-ই করতেন। এ জন্য একেবারে জনমানবহীন কোনো নির্জন জায়গায় অন্তত ২০ ফুটের মতো গর্ত করতে হবে। তারপর কোনো এক ঘোর অমাবস্যার রাতে গর্তের ভেতর রেখে দিন টাকাভর্তি কলস। আর কলসের মুখে টাকার সুরক্ষার জন্য ফণা তুলে থাকবে এক নাগরাজ!
আলিবাবার গুহায়
এ জন্য জঙ্গলের ভেতর পুরোনো একটি গুহা আবিষ্কার করতে হবে আপনাকে। এবার গুহার ভেতর রাখুন টাকাভর্তি সিন্দুক। তবে গুহা হতে হবে মন্ত্রপূত। আর থাকবে ‘চিচিং ফাঁক’ টাইপের একটি পাসওয়ার্ড। পাসওয়ার্ডটি মনে রাখতে হবে বেশ সাবধানে। একবার গুহায় ঢুকে চিচিং ফাঁকের জায়গায় কিচিং ফাঁক-জাতীয় কিছু বলে বসলে টাকাসমেত আটকে থাকতে হবে বাকি জীবন!
বালিশের ভেতরে
ওসমান নামের এক বিশিষ্ট ‘বনের রাজা’ এ পদ্ধতির আবিষ্কারক। এ পদ্ধতিতে বালিশের ভেতর তুলার বদলে টাকা রেখে সেলাই করে দিতে হবে বালিশের মুখ। তারপর সেই বালিশ মাথার নিচে দিয়ে শান্তিতে দিন ঘুম। যাঁরা বেশ আরামপ্রিয়, তাঁরা এ পদ্ধতিতেই টাকা রাখতে পারেন নিশ্চিন্তে।
বাঁশের ব্যাংকে
আগেকার দিনে গ্রামের ঘরগুলোতে খুঁটি হিসেবে ব্যবহৃত হতো স্বাস্থ্যবান বাঁশ। বাঁশের সেই খুঁটিতে ফুটো করে জমানো হতো খুচরা পয়সা। আধুনিক এই তথ্যপ্রযুক্তির যুগেও পুরোনো ওই বুদ্ধিটা প্রয়োগ করা যেতেই পারে। ওল্ড ইজ গোল্ড!
বাঘের খাঁচায়
কিনে ফেলুন একটি লোহার সিন্দুক। এবার টাকাভর্তি সিন্দুক রেখে আসুন চিড়িয়াখানার বাঘের খাঁচায়। হালুম!