টানা দুবার আইটিইউয়ের নির্বাহী সদস্য হলো বাংলাদেশ

টানা দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। গত ২৭ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বুশানে আইটিইউয়ের বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত ভোটে নির্বাচিত হয় বাংলাদেশ। গতকাল রোববার বাংলাদেশ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ।
সম্মেলনে জুনাইদ আহ্মেদ বলেন, ‘এ নির্বাচনে বিজয় লাভ একটি কষ্টসাধ্য বিষয় ছিল। আমাদের বাজেট ছিল খুব সীমিত। মোট খরচ হয়েছে ৫০ থেকে ৬০ লাখ টাকা। তবে আমাদের প্রচারণা ছিল খুব ভালো। বাংলাদেশ প্রতিনিধি দলের সব সদস্য বিভিন্ন দেশের ডেস্কে গিয়ে ভোট চেয়েছেন।’ ডাক ও টেলিযোগাযোগ সচিব ফাইজুর রহমান বলেন, আইসিটি খাতের উন্নয়নের সুবিধার জন্য অচিরেই মন্ত্রণালয়ে আইটিইউ সেল গঠন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক স্থায়ী কমিটির সদস্য শওকত হাচানুর রহমান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবীব খান, আইসিটি বিভাগের সচিব শ্যামসুন্দর শিকদারসহ অনেকে।
সম্মেলনে জানানো হয়, জাতিসংঘের আইটিইউয়ের এশিয়া ও অস্ট্রেলিয়ার ১৩টি সদস্যপদের জন্য এবার অংশ নেয় ১৮টি দেশ। ১১৫ ভোট পেয়ে বাংলাদেশ নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছে। এর আগে ২০১০ সালের নভেম্বরে প্রথমবারের মতো আইটিইউর কাউন্সিল সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। ১৯৭৩ সালে বাংলাদেশ আইটিইউয়ের সদস্যপদ লাভ করে। —রাহিতুল ইসলাম