টাম্বলার কিনছে ইয়াহু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইন সেবাদাতা হিসেবে এতদিন ইয়াহুর কোনো সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ছিল না। এবারে নিউইয়র্ক ভিত্তিক ব্লগিং প্ল্যাটফর্ম টাম্বলার ১১০ কোটি মার্কিন ডলারে কিনে নিচ্ছে অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।গুগল থেকে ইয়াহুতে প্রধান নির্বাহী হিসেবে যোগ দেওয়ার পর মারিসা মেয়ারের সবচেয়ে বড় চুক্তি হবে টাম্বলারকে কিনে নেওয়া। ইয়াহুর ঘনিষ্ঠ সূত্রের বরাতে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অল থিংস ডিজিটাল জানিয়েছে, ইয়াহুর পরিচালনা পর্ষদ টাম্বলার কেনার জন্য মারিসা মেয়ারকে সম্মতি দিয়েছে। অবশ্য ইয়াহু বা টাম্বলার কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে এ তথ্য প্রকাশ করেনি।২০০৭ সালে তরুণ প্রযুক্তি উদ্যোক্তা ডেভিড কার্প টাম্বলার চালু করেন। বর্তমানে এ সাইটটিতে ১০ কোটিরও বেশি ব্লগ রয়েছে এবং ৫০০ কোটির বেশি পোস্ট রয়েছে। এ সাইটটি মোবাইল প্ল্যাটফর্মেও ব্যবহার করা যায়। সাইটটিতে কোনো বিজ্ঞাপন নেই তাই অর্থ আয়ের ক্ষেত্রে ব্লগটির উদ্যোক্তাকে নানা পথ খুঁজতে হচ্ছিল।অল থিংস ডিজিটালের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াহুর অধীনে গেলেও টাম্বলার আলাদাভাবেই ব্লগিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং ডেভিড কার্প-এর দায়িত্বে থাকবেন। এ সাইটটিতে বিজ্ঞাপনসহ অর্থ আয়ের উত্সগুলো নিয়ে কাজ করবে ইয়াহু। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ফেসবুক ও গুগলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়ছিল ইয়াহু। টাম্বলারের মতো একটি সামাজিক যোগাযোগের সাইট কিনে নেওয়ার ফলে তরুণদের আগ্রহ ধরে রাখতে পারবে ইয়াহু কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মারিসা মেয়ার ইয়াহুকে ঢেলে সাজাতে নানা পদক্ষেপ নিয়েছেন।