টাম্বলার কিনে নিচ্ছে ইয়াহু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগ ও খুদে ব্লগ সাইট টাম্বলার (www.tumblr.com) কিনে নিচ্ছে বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান ইয়াহু। নিউইয়র্কভিত্তিক টাম্বলার কেনার জন্য প্রায় ১১০ কোটি ডলার খরচ করছে ইয়াহু। ইয়াহুর পরিচালনা পর্ষদের সর্বশেষ বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। টাম্বলারকে নিজেদের করে নেওয়ার ঘোষণাটি শিগগিরই দেওয়া হবে বলেও খবর প্রকাশিত হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে দুটি প্রতিষ্ঠানের কেউই মুখ খোলেনি। অনলাইনে নানা ধরনের সেবা দিয়ে জনপ্রিয়তা পাওয়া ইয়াহুর নিজেদের কোনো সামাজিক যোগাযোগের সাইট সেবা ছিল না। এবার সেটিও যুক্ত হলো। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নতুনভাবে পুরো প্রতিষ্ঠানকে ঢেলে সাজিয়েছেন মারিয়া মেয়ার। আর সর্বশেষ টাম্বলার কেনার জন্য মারিসা মেয়ারের ওপর ভরসা রেখে সম্মতি দিয়েছে ইয়াহুর পরিচালনা পর্ষদ। বর্তমানে ১০ কোটি ব্লগ এবং প্রায় ৫০০ কোটির বেশি পোস্ট রয়েছে টাম্বলারে। ২০০৭ সালে টাম্বলারটি চালু করেন ডেভিল কার্প। কম্পিউটারের পাশাপাশি এ ওয়েবসাইটটি মোবাইল প্ল্যাটফর্মেও ব্যবহার করা যায়। অ্যান্ড্রয়েড ও আইফোনের জন্য রয়েছে টাম্বলার অ্যাপস। সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক, সার্চ ইঞ্জিন গুগলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে ইয়াহুর এমন উদ্যোগ বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এর ফলে ব্যবহারকারীদের আরও নানা সুবিধা দিয়ে শীর্ষেই থাকতে চাইছে প্রতিষ্ঠানটি। —বিবিসি ও টাইম অবলম্বনে কাজী আলম