টার্গেট ১০০০!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন কমপক্ষে এক হাজার আইফোন ৫ তৈরি করতে হবে, নইলে চাকরি যাবে। এমনই কঠিন শর্তে আইফোন ৫ তৈরির কারখানায় কাজ করছেন চীনা শ্রমিকেরা। যুক্তরাজ্যের ‘সানডে মিরর’ এক প্রতিবেদনে জানিয়েছে, আইফোন ৫ তৈরির জন্য দায়িত্বপ্রাপ্ত ফক্সকনের তাইয়ুন কারখানায় ১৪ ঘণ্টা করে টানা কাজ করতে হচ্ছে শ্রমিকদের।‘সানডে মিরর’-এর ওই প্রতিবেদনে জানানো হয়, আইফোন৫ কর্মীদের প্রতি ৩০ সেকেন্ডে একটি করে আইফোন জোড়া লাগানোর কাজ করতে হচ্ছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, স্বল্প বেতনের কর্মীদের শর্ত বেঁধে দেওয়া হয়েছে যে প্রতিদিন এক হাজারের কম আইফোন জোড়া লাগালে তাঁদের চাকরি যাবে। প্রসঙ্গত, টানা ১৪ ঘণ্টা কাজ করলেও সপ্তাহান্তে শ্রমিকেরা বেতন পাচ্ছেন ৬০ পাউন্ডের কম।তাইয়ুনের কারখানার শ্রমিকদের ওপর এত বেশি কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে যে কর্মীরা কেউ কারও সঙ্গে কথা বলারই সুযোগ পান না। এমনকি তিনবারের বেশি টয়লেটে গেলে নাকি জরিমানা করা হয় আর ২০ মিনিটের বেশি দেরি হলে কর্মীর পারিশ্রমিক কেটে রাখা হয়।মিররের প্রতিবেদনটিতে আরও জানানো হয়েছে, মেটাল ডিটেক্টর যন্ত্রের ভেতর দিয়ে ঢোকানো হয় শ্রমিকদের। প্রত্যেক শ্রমিককেই কারখানায় ঢোকার ও বের হওয়ার সময় নানাভাবে দেহতল্লাশি করা হয়।প্রসঙ্গত, ফক্সকনের এ কারখানায় চলতি মাসেই শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছিল। দাঙ্গায় আহত হয়েছিলেন ৪০ জন শ্রমিক। দাঙ্গার কারণে এক দিনের জন্য এ কারখানাটিও বন্ধ রাখতে হয়েছিল। এ ছাড়া ২০১০ সালে আইপ্যাড তৈরির সময় ১৩ জন শ্রমিক ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছিলেন। পরে জানা যায়, কাজের চাপ ছিল এ ঘটনার কারণ।