প্রতিনিয়ত নানা ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশনের মুখোমুখি হই আমরা। কিন্তু সমাজে অনেকেই আছে, যাদের লিখিত কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন নেই। সেসব বৈচিত্র্যময় শ্রেণি-পেশার মানুষের লিখিত টার্মস অ্যান্ড কন্ডিশন থাকলে কেমন হতো, তা ভাবার চেষ্টা করেছেন আদনান মুকিত
বাসচালক, হেলপার ও কন্ডাক্টর

* বাস চলবে চালকের ইচ্ছা অনুযায়ী এবং এ ব্যাপারে যাত্রীদের কোনো মতামত গ্রহণ করা হবে না। যেকোনো সময়ে চালক তার ইচ্ছানুযায়ী যেকোনো জায়গায় বাস থামিয়ে দীর্ঘক্ষণ কান চুলকানোর অধিকার রাখে।
* প্রয়োজন অনুযায়ী চালক অন্য বাসের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত হতে পারবে। প্রতিযোগিতা চলাকালীন বাসের কাচ ভেঙে যাত্রীদের গায়ে পড়লে তার দায় ওই যাত্রীকেই বহন করতে হবে।
* বাসের ভেতরে ও বাইরের সকল ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। কর্তৃপক্ষ (হেলপার ও চালক) চাইলে তাদের ইচ্ছা অনুযায়ী যাত্রী ওঠাতে পারবে এবং এ ব্যাপারে অভ্যন্তরীণ যাত্রীদের সকল প্রকার মন্তব্য এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেওয়া হবে। প্রয়োজনে কর্তৃপক্ষ যেকোনো যাত্রীকে বাস থেকে নামিয়ে দিতে পারবে।
* ভাড়া প্রসঙ্গে কন্ডাক্টরের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। হেলপার তার পছন্দমতো সময়ে ভাড়া সংগ্রহ করবে এবং প্রয়োজনে এক বা একাধিকবার যাত্রীর কাছে ভাড়া চাইতে পারবে। এ ক্ষেত্রে যাত্রীদের বিরক্ত হওয়ার কোনো সুযোগ নেই।
* সিটের লোহা, রড বা জানালার ভাঙা অংশের খোঁচায় পাঞ্জাবি ছিঁড়ে যাওয়াসহ অন্যান্য কোনো দুর্ঘটনার জন্যই বাস কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এ-সংক্রান্ত সতর্কতামূলক ব্যবস্থা যাত্রীকেই গ্রহণ করতে হবে।
শিক্ষার্থী

* শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানকে অর্থ প্রদান করে। অতএব, শিক্ষার্থীরা তাদের ইচ্ছা অনুযায়ী ক্লাসে আসার পূর্ণ অধিকার রাখে। কোনো কারণে কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে তাকে কোনো প্রকার জবাবদিহির ঝামেলায় যেতে হবে না।
* শিক্ষার্থী চাইলে ক্লাসে স্বল্প অথবা দীর্ঘমেয়াদি ঘুম কার্যক্রমে অংশ নিতে পারবে। এ ব্যাপারে শিক্ষক বা শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো প্রশ্ন, মতামত বা বাধা প্রদানের সুযোগ থাকবে না।
* ক্লাসে প্রবেশ এবং ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
* শিক্ষার্থীরা পরীক্ষা চলাকালীন নিজেদের আসন পরিবর্তন এবং প্রয়োজনে এক বা একাধিকবার টয়লেটে যাওয়ার অধিকার রাখবে।
* পরীক্ষার ফলাফল রাজনৈতিক পোস্টার নয়। তাই কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের পরীক্ষার ফল দেয়ালে টাঙিয়ে দেওয়া যাবে না। শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নির্দিষ্ট ব্যক্তি ছাড়া তৃতীয় কেউ (যেমন অভিভাবক) পরীক্ষার ফলসংক্রান্ত কোনো তথ্য অনুসন্ধানের সুযোগ পাবে না। তবে আলোচনা সাপেক্ষে শিক্ষার্থী রাজি হলে শিক্ষক বা শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় পক্ষের কাছে ফল-বিষয়ক তথ্য সরবরাহ করতে পারবে।
মাছবিক্রেতা

* বিক্রেতার অনুমতি ছাড়া মাছ স্পর্শ করা বা টিপেটুপে দেখা যাবে না। প্রতিটি মাছকেই টাটকা হিসেবে বিবেচনা করতে হবে।
* বিক্রেতা চাইলে মাছে তার ইচ্ছা অনুযায়ী ফরমালিন প্রয়োগ করতে পারবে। এ প্রসঙ্গে ক্রেতা কোনো প্রশ্ন করলে বিক্রেতা ‘নিলে ন্যান, নাইলে নিয়েন না’—জাতীয় মন্তব্য করার অধিকার রাখে।
* মাছ কেনার ইচ্ছা থাকলে বিক্রেতাঘোষিত দামেই কিনতে হবে। মাছের বাজার হলেও এখানে দর-কষাকষির কোনো সুযোগ ক্রেতা পাবে না।
* মাছের উত্পত্তি, স্থায়ী ঠিকানা ও বংশপরিচয় সম্পর্কে বিক্রেতার দেওয়া তথ্যের ওপর শতভাগ আস্থা রাখতে হবে, অন্যথায় বিক্রেতা চাইলে মাছ বিক্রি থেকে বিরত থাকার অধিকার রাখে।
সিএনজিচালিত অটোরিকশার চালক

* গন্তব্যে যাওয়া না-যাওয়ার ব্যাপারে অটোরিকশাচালকের সিদ্ধান্তই চূড়ান্ত। এহেন পরিস্থিতিতে ‘কেন যাবেন না’—জাতীয় প্রশ্ন করার কোনো অধিকার যাত্রীর নেই।
* চালক তার ইচ্ছা অনুযায়ী ভাড়া দাবি করার শতভাগ অধিকার রাখে। মিটারে যাওয়া অথবা না যাওয়া, গেলে মিটার থেকে কত টাকা বেশি দিতে হবে, তা চালক নিজেই ঠিক করবে। কোনো কারণে ট্রাফিক পুলিশ অটোরিকশার গতি রোধ করলে ‘মিটার অনুযায়ী যাচ্ছি’ বলার দায়িত্ব যাত্রীকেই পালন করতে হবে।
* নিরাপত্তার খাতিরে চালক রিয়ার-ভিউ মিররের মাধ্যমে যাত্রীকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে পারে।
* চালক যেকোনো সময় যেকোনো স্বীকৃত ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার অধিকার রাখে। এ সময় যাত্রী চাইলে নেমে গিয়ে গ্যাস নেওয়ার অপূর্ব দৃশ্য পর্যবেক্ষণ করতে পারে। তবে ‘এখন কেন গ্যাস নিচ্ছেন?’ বলে তাড়া দেওয়ার মতো উদ্দেশ্যমূলক মন্তব্য ‘দেখেশুনে ছেড়ে দেওয়ার’ ক্ষমতা চালকের রয়েছে।
* চালক তার পছন্দমতো রুট অনুযায়ী অটোরিকশা চালাবে। চালকের পছন্দের রাস্তায় দীর্ঘ জ্যাম থাকলে তা যাত্রীকে নীরবে মেনে নিতে হবে। এ ছাড়া চালক চাইলে যেকোনো গলি বা রাস্তায় ঢোকার ব্যাপারে অস্বীকৃতি জানাতে পারে। এহেন পরিস্থিতিতে যাত্রী ভাড়া মিটিয়ে সিএনজি থেকে নেমে যাবে।
প্রেমিক-প্রেমিকা

* সম্পর্ক চলাকালীন বিপরীত লিঙ্গের কারও ফেসবুক স্ট্যাটাস, কমেন্ট বা প্রোফাইল পিকচারে লাইক-কমেন্ট দেওয়া যাবে না। কোনোভাবে এর ব্যত্যয় ঘটলে উপযুক্ত কারণ উল্লেখ করে মৌখিক বা লিখিত ডকুমেন্ট দাখিল করতে হবে।
* কখন, কী উদ্দেশ্যে, কীভাবে, কোথায় যাওয়া হচ্ছে, আগেই সে ব্যাপারে বিস্তারিত তথ্য অপর পক্ষকে সরবরাহ করে যেতে হবে। অপর পক্ষ চাইলে এ বিষয়ে এক বা একাধিকবার প্রশ্ন করার অধিকার রাখে। প্রয়োজনে ‘তাহলে আমিও যাব’-জাতীয় সিদ্ধান্ত কিংবা যেতে না দেওয়ার পূর্ণ ক্ষমতাও সংরক্ষণ করে উক্ত পক্ষ।
* নির্ধারিত সময় অনুযায়ী এবং নির্ধারিত সময়ের বাইরেও বারবার ফোন দিয়ে একে-অপরের খোঁজখবর নিতে হবে এবং দিনপ্রতি কতবার ফোন দেওয়া হলো, তা গুগল ডক বা অন্য কোনো পদ্ধতিতে লিপিবদ্ধ রাখতে হবে। ফোন করার সংখ্যা আশানুরূপ না হলে যেকোনো পক্ষ ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন সাপেক্ষে সম্পর্ক বাতিল করার অধিকার রাখে।
* দুজনের মধ্যে একজন কোনো কিছু ক্রয়-বিক্রয়, পোশাক-সংক্রান্ত অথবা অন্য যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আরেকজনের অনুমতি নিতে হবে। অন্যথায় অপর পক্ষ যে সিদ্ধান্ত নেবে, তাই মেনে নেওয়া বাধ্যতামূলক।
* দুই পক্ষ যেকোনো সময়ে যেকোনো কারণে কিংবা কারণ ছাড়াই সম্পর্ক বাতিল করার অধিকার রাখে।