টার্মিনেটর ছবির মতো রোবট বানাল পেন্টাগন

হলিউডের দর্শক মাত করা ‘টার্মিনেটর’ ছবির অনুকরণে একটি প্রমাণ আকৃতির রোবট তৈরি করেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের উচ্চ প্রযুক্তির গবেষকেরা। গতকাল মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেলকে রোবটটি দেখানো হয়।
আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ১৮৭ সেন্টিমিটার (ছয় ফুট দুই ইঞ্চি) উচ্চতার অ্যাটলাস নামের এই রোবট টার্মিনেটরের রোবটটির অনুকরণে তৈরি হলেও গুণ ও বৈশিষ্ট্যে ছায়াছবির রোবটের মতো বীর যোদ্ধা নয়; বরং এর মধ্যে দেওয়া হয়েছে মানবিক গুণাবলী। কর্মকর্তারা জানান, প্রাকৃতিক দুর্যোগের সময় হতাহতদের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করবে এই রোবট।
মানুষের মতো দেখতে জীবন রক্ষাকারী এই রোবটের উদ্যোক্তা পেন্টাগনের গবেষণা শাখা ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (ডিএআরপিএ)।
পেন্টাগনের কর্মকর্তারা হেগেলকে জানান, রোবটের সক্ষমতার বিষয়ে হলিউড মানুষের মধ্যে অবাস্তব প্রত্যাশা তৈরি করেছে। চলচ্চিত্রের কল্পকাহিনির রোবটের মতো অসম্ভবকে সম্ভব করতে পারে না বাস্তবের রোবট।
পেন্টাগনের রোবটটি সিঁড়ি মাড়ানো, দরজা খোলা, বিভিন্ন বস্তু বহনের কাজ করতে সক্ষম।