প্রিয় টি-টোয়েন্টি,
শুভেচ্ছা নিয়ো; চিয়ার লিডারদের মতো রঙিন শুভেচ্ছা নয়, টেস্ট ক্রিকেটের মতো সফেদ শুভেচ্ছা। তোমার তো আবার নাচ–গান ছাড়া চলেই না! পর সমাচার এই যে অনেক কষ্ট নিয়ে আজ তোমাকে লিখতে বসেছি। তুমি আমাদের ক্রিকেট–পরিবারের কনিষ্ঠ সদস্য। অনেকেই তোমাকে পরিবারের বখে যাওয়া সন্তান বলে। কারণ, তোমার মধ্যে যতটা না ক্রিকেট তার চেয়ে বেশি নাচ, তার চেয়ে বেশি টাকা। আগে ক্রিকেট ছিল আর্ট, তুমি আসার পর ক্রিকেট হয়েছে পেঁয়াজের ব্যবসা। আর এই পেঁয়াজের ব্যবসা করছে তিন মোড়ল।
আমাদের বন্ধু বাংলাদেশের আ হ ম মুস্তফা কামাল এসবের সব জানেন। তিনি গণমাধ্যমে সব ফাঁস করে দিয়েছেন। তুমি কী কী ক্ষতি করেছ, তার বিশদ বর্ণনা দিচ্ছি। সেসব শুনলে তোমার চিয়ার লিডাররাও পর্যন্ত নাচতে নাচতে কেঁদে দেবে। ভারত প্রথমে আইপিএল নামক কাঁচাবাজারের আয়োজন করল, তোমাকে বিক্রি করবে বলে। পৃথিবীর বড় বড় ক্রিকেটারকে তারা সে বাজারে কিনে নিল বেশ চড়া দামে। বাজারে ক্রিকেট হতো দুই ঘণ্টা, নাচ হতো আড়াই ঘণ্টা আর ম্যাচ ফিক্সিং হতো ২৪ ঘণ্টা। বাজারটা জমে গেল। পৃথিবীর প্রায় সব ক্রিকেটার সে বাজারে যেতে শুরু করল। সেই সুযোগে বাজারের মালিক ভারত সঙ্গে নিল ক্রিকেটের আবিষ্কারক ইংল্যান্ড (যারা কখনো বিশ্বকাপ জেতেনি) এবং ক্রিকেট গুরু অস্ট্রেলিয়াকে। এভাবেই শুরু হলো তিন মোড়লের পথচলা। আর সবকিছুর নাটের গুরু ছিলেন একজনই—থাক, নামটা না বলি। পরে আবার আ হ ম মুস্তফা কামালের মতো আমাকেও পদত্যাগ করতে হতে পারে! তবে এটা বলতে পারি, ওই ব্যক্তি তার নিজের দেশেই বড় ভিলেন!
স্নেহের টি–টোয়েন্টি, তোমার জন্য কেবল আমি নই, তোমার ইমিডিয়েট বড় ভাই ওয়ান ডে ক্রিকেটও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন নাকি আবার আগে থেকেই অনেক কিছু নির্ধারিত হয়ে যায়! আম্পায়ার, থার্ড আম্পায়ার, ধারাভাষ্যকার—সব মোড়লদের পক্ষে কথা বলে। যদি কথা না বলে তাহলে আইপিএল কাঁচাবাজারে তাদের কেউ কিনবে না যে। এমন অবস্থায় ক্রিকেট হচ্ছে বাংলাদেশের ইলিশ মাছের মতো। যার টাকা আছে সে খাবে, যার টাকা নেই সে খাবে কি খাবে না, সেটা নির্ধারণ করবে মোড়লেরা। খেতে দিলেও মাছের অংশটুকু রেখে শুধু কাঁটা খেতে দেবে।
তোমার জন্য কত রথী–মহারথী ক্রিকেটার যে আমাকে ছেড়ে দিয়েছে, তার কোনো হিসাব নেই। সাদা পোশাক বছরে এক–আধবার পরলে তারা হাঁফিয়ে ওঠে! তাদের হাত নিশপিশ করে ছক্কা মারার জন্য। সত্যি কথা বলতে কি, এভাবে ক্রিকেট খেলা হয় না। যেটা হয় সেটা এখনকার উল্টাপাল্টা নাচ–গান–জুয়াখেলাসর্বস্ব যাত্রাপালা। আমার যদি ক্ষমতা থাকত, তাহলে আইসিসিকে বলতাম, আপনারা বিশ্বকাপ আয়োজন না করে, বিশ্ব যাত্রাপালা আয়োজন করুন। আরও বেশি টাকা আসবে ঘরে।
অনেক কথা বলে ফেললাম, মনে রাগ রাখিয়ো না। মুস্তফা কামালকে স্যালুট জানিয়ো। মনে রাখবা, বাঘ যখন গর্জে ওঠে তখন মোড়ল–মহাজন সব এক ঘাটে জল খায়। তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। ভালো থাকিয়ো।
ইতি
তোমার বড় ভাই
টেস্ট ক্রিকেট
টি-টোয়েন্টির উত্তর
ডিয়ার টেস্ট ব্রো,
চার–ছক্কা হই হই, বল উড়াইয়া গেল কই?
ইতি
টি-টোয়েন্টি