টি-শার্ট কেনাবেচার ওয়েবসাইট
টি-শার্ট কেনাকাটার নতুন ওয়েবসাইট ওহটিশার্ট ডটকম ইন্টারনেটে চালু হয়েছে। কেনাকাটার পাশাপাশি এই সাইটে টি-শার্টের নকশাও জমা দেওয়া যাবে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নতুন এ ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক শেখ মনির উদ্দিন ও প্রচিত আইটিএসের চেয়ারম্যান সাবিনা ইয়াসমীন।
ওয়েবসাইটের উদ্যোক্তা প্রচিত আইটিএসের পরিচালক বিন্দু জামাল বলেন, ‘টি-শার্ট নকশা এবং বিক্রির জন্য একই প্ল্যাটফর্ম কাজ করবে। ওহটিশার্ট ডটকম একটি অনলাইন বাজার (মার্কেটপ্লেস), যেখানে দেশের নকশাকারী ও টি-শার্টপ্রেমী তরুণ প্রজন্মের মধ্যে সৃষ্টিশীলতার এক নতুন বন্ধন সৃষ্টি করবে। এই সাইটে একদিকে নকশাকারীরা যেমন অনলাইনেই তাঁদের টি-শাটের নকশা জমা দিতে পারবেন, তেমনি মার্কেটপ্লেসের এই বিশাল নকশা সংগ্রহ থেকে খুব সহজে পছন্দের ডিজাইন বেছে নিয়ে তা টি-শার্টে ছাপানোর ফরমাশ দিতে পারবেন ক্রেতারা।
অনুষ্ঠানে আরও জানানো হয়, অনলাইনে নিবন্ধনের জন্য নকশাকারী বা ক্রেতাদের কারোরই কোনো ধরনের অর্থ ব্যয় করতে হবে না। আর পছন্দের ডিজাইনের টি-শার্ট বিশ্বমানের কাপড়ে অত্যাধুনিক প্রযুক্তিতে ছাপা থেকে শুরু করে ক্রেতার হাতে পৌঁছে দেবে ওহটিশার্ট ডটকম। তা ছাড়া টি-শার্টের দামও রাখা হবে ক্রেতাদের হাতের নাগালে।
ওহটিশার্টের ওয়েব ঠিকানা: www.ohtshirt.com