টিউমার নির্ণয়ের নতুন প্রযুক্তি
যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এমন একটি যন্ত্র উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে একজন শল্যবিদ রোগীর দেহাভ্যন্তরের টিউমার হাতে অনুভব করতে পারবেন। শুধু তাই নয়, টিউমারটি বিপজ্জনক বা বিপজ্জনক নয়, তা-ও বুঝতে পারবেন। এই যন্ত্রে ব্যবহার করা হয়েছে স্পর্শেন্দ্রীয়গ্রাহ্য প্রযুক্তি। ক্যানসার বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই প্রযুক্তি ভবিষ্যতে চিকিৎসার উন্নয়নে সাহায্য করবে। বর্তমানে এক্স-রে ও আলট্রাসনোগ্রামের মাধ্যমে চিকিৎসকেরা একজন রোগীর দেহাভ্যন্তরের টিউমারের অস্তিত্ব সম্পর্কে জানতে পারেন এবং সে অনুযায়ী চিকিৎসা দেন। কিন্তু নতুন এই যন্ত্র এ ক্ষেত্রে চিকিৎসকদের একেবারে নতুন ধরনের অভিজ্ঞতা দেবে। যন্ত্রটির একটি অংশ রোগীর দেহের সেই অংশে স্থাপন করা হবে, যেখানে টিউমার আছে বলে সন্দেহ করা হচ্ছে। যন্ত্রটি অপর একটি কম্পিউটারের সঙ্গে লাগানো থাকবে। এতে থাকবে একটি হাতল। তারপর কম্পিউটারের মাউস যেভাবে ঘোরানো হয়, একইভাবে ঘোরানো হবে যন্ত্রটির হাতল। ফলে, কম্পিউটারের পর্দায় ভেসে উঠবে রোগীর দেহাভ্যন্তরের অবস্থা। টিউমার থাকলে এর ছবিও ভেসে উঠবে। কারসরের মতো এখানে দেখা যাবে পয়েন্টার। পয়েন্টার টিউমারের ওপর রেখে তা স্পর্শ করার মতো অনুভব করতে পারবেন শল্যবিদ। এই যন্ত্র তৈরির সময় তত্ত্বাবধান করেন লিডস ইউনিভার্সিটির অধ্যাপক রব হিউসেন। তিনি বলেন, যন্ত্রটি ভালো এতে কোনো সন্দেহ নেই, কিন্তু চিকিৎসার কাজে পূর্ণমাত্রায় ব্যবহার করতে গেলে এর আরও পরিমার্জন করতে হবে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান