টিউরিং পরীক্ষায় পাস করল কম্পিউটার

বিশ্বে প্রথমবারের মতো টিউরিং টেস্টে উত্তীর্ণ হল ‘ইউজিন গুস্টম্যান’ নামের একটি কম্পিউটার প্রোগ্রাম। যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালের গবেষকেরা সম্প্রতি কম্পিউটারের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ণয়ের জন্য টিউরিং টেস্ট নেওয়ার আয়োজন করেছিল। এ টেস্টের মাধ্যমে কম্পিউটার প্রোগ্রাম ও মানুষের বুদ্ধিমত্তার পার্থক্য নির্ণয় করা যায়। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।
রাশিয়ার গবেষকেদের তৈরি ‘ইউজিন গুস্টম্যান’ নামের প্রোগ্রামটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পাঁচ মিনিটের বেশি সময় মানুষের মতো আলোচনা চালিয়ে যেতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে কম্পিউটার প্রোগ্রাম যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছে তাতে ৩৩ শতাংশ ক্ষেত্রে বিচারককে সন্তুষ্ট করতে পেরেছে। লন্ডনের রয়াল সোসাইটিতে ৭ জুন এই পরীক্ষাটি হয়। পরীক্ষার তত্ত্বাবধানে ছিল ইউনিভার্সিটি অব রিডিং।
প্রসঙ্গত, ব্রিটিশ গবেষক অ্যালান টিউরিং ১৯৫০ সালের একটি গবেষণাপত্র ‘কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স’-এ টিউরিং টেস্টের কথা উল্লেখ করেন। যন্ত্রের কৃত্রিম বুদ্ধিমত্তা পরীক্ষা করার পদ্ধতি এটি। কম্পিউটার প্রোগ্রাম মানুষের মতো আচরণ করতে পারে কিনা এবং প্রশ্নের উত্তর দেওয়ার সময় মানুষের মতো নাকি যন্ত্রের মতো আচরণ করে সে বিষয়টিও পরীক্ষা করে দেখা হয়। ‘ক্যান মেশিন থিংক’ নামে অ্যালান টিউরিংয়ের প্রশ্ন-উত্তর ভিত্তিক একটি গেমের মাধ্যমে এই পরীক্ষা করা হয়।