টিকটকেই খোঁজা যাবে চাকরি, আবেদন ভিডিওতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরিতে আবেদন করার সুবিধা পরীক্ষা করে দেখছে টিকটক। ভিডিওতে জীবনবৃত্তান্ত তৈরি করে সরাসরি প্রতিষ্ঠানগুলোতে আবেদন করা যাবে।

দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলক প্রকল্পটির নাম ‘টিকটক রেজুমেস’। কলেজ শিক্ষার্থী এবং তরুণদের আকৃষ্ট করতে সুবিধাটি নিয়ে ভাবছে চীনা অ্যাপটি। এখন পর্যন্ত ৩০টির বেশি প্রতিষ্ঠান টিকটকের পাইলট প্রকল্পে যুক্ত হয়েছে।

ব্যবহারকারীরা ভিডিওতে জীবনবৃত্তান্ত তৈরি করে টিকটকে পোস্ট করবেন। এরপর অ্যাপের মাধ্যমে নিয়োগকারী প্রতিষ্ঠানে সেই ভিডিও পাঠাবেন। প্রকল্পটি নিয়ে একটি নির্দেশিকা ভিডিও তৈরি করেছে টিকটক। সেখানে বলা হয়েছে, ব্যবহারকারীরা যেন পাবলিক ভিডিওতে ই-মেইল ঠিকানা বা মুঠোফোন নম্বরের মতো তথ্য না দেয়।

টিকটক রেজুমেসে পোস্ট করা কাজের মধ্যে টিকটকের জন্য কনটেন্ট তৈরির কাজও রয়েছে। অর্থাৎ আগের চেয়ে বেশি প্রতিষ্ঠান এখন টিকটকে ঝুঁকছে। যেমন অ্যালো ইয়োগা নামের প্রতিষ্ঠান টিকটকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপক খুঁজছে, যার কাজ হবে তাদের টিকটক অ্যাকাউন্টের জন্য কৌশল নির্ধারণ এবং ভিডিও নির্মাতাদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া।

টিকটকে পোস্ট করা কাজগুলোর বেশির ভাগই প্রাথমিক স্তরের, কিছু মধ্যম সারিরও আছে। মজার ব্যাপার হলো, ডব্লিউডব্লিউই তারকা হওয়ার জন্য আবেদন করার সুযোগও আছে সেখানে।

পাইলট প্রকল্পটি সাময়িক হলেও পেশাদার কনটেন্ট নির্মাতাদের ইকোসিস্টেম গড়ার লক্ষ্যে এগোচ্ছে টিকটক। ৭ জুলাইয়ে শুরু হয়ে ৩১ জুলাই পর্যন্ত চালু থাকবে টিকটক রেজুমেস। আর যাঁদের রেজুমে বড় হবে, তাঁদের জন্য তিন মিনিটের ভিডিও পোস্ট করার সুবিধাও আসছে।

ভিডিওতে জীবনবৃত্তান্ত যেমন হতে পারে