টিপিংপয়েন্ট বিক্রি করে দিচ্ছে এইচপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেটওয়ার্ক সিকিউরিটি সেবাদাতা টিপিংপয়েন্টকে সাইবার নিরাপত্তা সেবাদাতা ট্রেন্ড মাইক্রোর কাছে ৩০ কোটি মার্কিন ডলারে বিক্রি করে দিচ্ছে হিউলেট-প্যাকার্ড (এইচপি)। সফটওয়্যার ও হার্ডওয়্যার ব্যবসাটিকে আলাদা করার পাশাপাশি এইচপির কাছ থেকে সম্প্রতি টিপিংপয়েন্টকে বিক্রি করে দেওয়ার ঘোষণা এসেছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


এইচপি কর্তৃপক্ষ জানিয়েছে, ১ নভেম্বর থেকে এইচপি ইনকরপোরেশন ও হিউলেট-প্যাকার্ড এন্টারপ্রাইজ নামে দুটি ভাগে ভাগ হয়ে যাবে এইচপি। এর মধ্যে পিসি ও প্রিন্টারের মতো হার্ডওয়্যার নিয়ে ব্যবসা করবে এইচপি ইনকরপোরেশন আর হিউলেট-প্যাকার্ড এন্টারপ্রাইজ সফটওয়্যার, সার্ভার ও নেটওয়ার্কিং গিয়ারের ব্যবসা করবে। এ ছাড়া টিপিংপয়েন্ট বিক্রি করে দেবে।


এইচপি নেক্সট কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ডিজিটাল এন্টারপ্রাইজ ব্যবসা সুরক্ষায় আমাদের লক্ষ্যকে আরও তীক্ষ্ণ করা হচ্ছে। টিপিংপয়েন্ট আমাদের নিরাপত্তা পণ্য হিসেবে গুরুত্বপূর্ণ ছিল। আমরা নিরাপত্তা পোর্টফোলিওতে থাকা অন্য পণ্যগুলোতে নজর দিতে এটি বিক্রি করে দিচ্ছি।’


এদিকে ট্রেন্ড মাইক্রো জানিয়েছে, ডেটা সেন্টার, ক্লাউড ও নেটওয়ার্ক সুরক্ষার ক্ষেত্রে আরও সক্ষমতা বাড়াতে তারা টিপিংপয়েন্ট কিনে নিচ্ছে।