টিভি কেনার চার সূত্র

প্লাজমা, এলসিডি, এলইডি, এইচডিটিভি অথবা স্মার্টটিভির নামে বাজারে এখন নানা ধরনের টেলিভিশনই সহজলভ্য। কিন্তু নতুন টেলিভিশন কেনার আগে কয়েকটি বিষয় বিবেচনা করা উচিত বলেই মত দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ায় টেলিভিশন কেনার আগে প্রয়োজনীয় তথ্য সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। টেলিভিশন কেনার আগে এ পরামর্শগুলো কাজে আসতে পারে।
কোন আকারের টেলিভিশন জুতসই?
টেলিভিশন কেনার প্রথম সূত্রটি হচ্ছে, বাড়ির কোথায় বসে টেলিভিশন দেখা হবে সেটি বিবেচনায় রাখা।

টেলিভিশন ও দর্শকের বসার দূরত্ব অনুযায়ী টেলিভিশনের মাপ নির্বাচন করা উচিত। যদি টিভি দেখার দূরত্ব আট ফুট হয় তবে টেলিভিশনের মাপ হতে হবে কমপক্ষে ৩২ ইঞ্চি এবং সর্বোচ্চ ৬৫ ইঞ্চি। এ সূত্র অনুযায়ী বাজেটের মধ্যে এ মাপের যেকোনো মডেল কিনতে পারেন।
তবে, টিভি কেনার ক্ষেত্রে সূত্রের চেয়ে সাধ আর সাধ্যের সমন্বয় বড় কথা। এলসিডি, প্লাজমা নাকি এলইডি? বাজারে থাকা এলসিডি, প্লাজমা ও এলইডি এ তিন প্রযুক্তির টেলিভিশনের মধ্যে এলসিডি দাম তুলনামূলকভাবে কম। সাশ্রয়ী বাজেট হলে উজ্জ্বল ও অত্যন্ত হালকা-পাতলা এ টেলিভিশনগুলো আপনার জন্য জুতসই হতে পারে। এলসিডি টেলিভিশনকে বলা হয় বিদ্যুত্সাশ্রয়ী। তবে প্লাজমা ও এলইডি টেলিভিশনের তুলনায় এলসিডিতে ছবির মান খারাপ বা কম বাস্তব সম্পন্ন মনে হয়।
এদিকে, এলসিডির তুলনায় প্লাজমা টিভিতে স্বচ্ছ ও ঝকঝকে ছবি দেখা যায় এবং পর্দায় নির্বিঘ্ন নড়াচড়াও বোঝা যায়। দ্রুতগতির খেলাধুলা উপভোগ করার জন্য প্লাজমা টিভির সবচেয়ে ভালো বলে ব্যবহারকারীরা মতামত দেন। তবে, প্লাজমা টেলিভিশনে বেশি বিদ্যুত্ খরচ হয়। এলসিডির তুলনায় প্লাজমা টিভিতে দ্বিগুণ বিদ্যুত্ খরচ হয়। এলইডি টিভির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে, এই টেলিভিশন সবচেয়ে কম বিদ্যুত্ খরচ করে। লাইট এমিটিং ডায়োড বা এলইডি টিভিতে কনট্রাস্ট রেশিও উন্নত, কিন্তু এলইডি টিভির দাম তুলনামূলকভাবে বেশি।

স্মার্ট টেলিভিশন কেনার আগে
বাজেট তুলনামূলকভাবে বেশি হলে স্মার্ট টেলিভিশন কেনার কথা ভাবতে পারেন। স্মার্ট টেলিভিশনে ইন্টারনেটভিত্তিক বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ থাকে। স্কাইপ, টুইটার, ফেসবুক, ইউটিউব, পিকাসা প্রভৃতি সামাজিক যোগাযোগের সাইটগুলো ব্যবহার করা যায়। স্মার্ট টিভিতে ওয়াই-ফাই বা ইন্টারনেট ব্রাউজ করার সুবিধা থাকে। স্মার্ট টিভি কেনার আগে ‘ওফাই-ফাই বিল্ট ইন’ নাকি ‘ওয়াই-ফাই রেডি’ সে সুবিধা দেখে কিনতে হবে। শুধু ওয়াই-ফাই রেডি স্মার্ট টেলিভিশন হলে পরবর্তীতে ইন্টারনেট ব্যবহার করতে আলাদা ডংগল কেনার প্রয়োজন হবে। স্মার্ট টিভি কেনার আগে আরও দেখে নিতে হবে এতে ইউএসবি পোর্ট সুবিধা আছে কিনা। ইউএসবি পোর্ট থাকলেই যে, এক্সটার্নাল হার্ড ড্রাইভ বা পেন সমর্থন করবে এমন কথা নয়। স্মার্ট টিভি কেনার আগে তা পোর্টেবল হার্ডডিস্ক বা কোন ধরনের ডিজিটাল ফরম্যাট সমর্থন করে তা অবশ্যই যাচাই করে নিতে হবে।
ভিউয়িং অ্যাংগেল

টেলিভিশন দেখার সময় একটি বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে ভিউয়িং অ্যাংগেল বা বিভিন্ন কোণ থেকে টিভি দেখার সুবিধা-অসুবিধার বিষয়টি। অনেক টেলিভিশন ব্যবহারকারীর মতে, অনেক সময় পাশ থেকে টেলিভিশন দেখলে তা ঘোলা দেখায় বা ছবি ও রং কিছুটা বদলে যায়। এটা হয় ভিউয়িং অ্যাংগেলের কারণেই। কেননা ভিউয়িং অ্যাংগেল কম হলে পাশ থেকে দেখার কারণে ছবির রং বদলে যাবে। আর ভিউয়িং অ্যাংগেল বেশি হলে আপনি যতই পাশ থেকে দেখুন না কেন, ছবির রঙের কোনো পরিবর্তন হবে না। তাই টেলিভিশন সেট কেনার সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে এর ভিউয়িং অ্যাংগেল পরীক্ষা করে নিন। কিছু টেলিভিশনে কেবল সামনাসামনি বসলেই তা ভালোভাবে দেখা যায়। পাশ থেকে দেখলে রঙের পরিবর্তন ঘটে। এ পরিবর্তন মূলত টুইস্টেড নেমাটিক, ভার্টিক্যাল অ্যালাইমেন্ট ও ইন-প্লেন সুইচিং (আইপিএস) প্যানেলের ওপর নির্ভর করে। আইপিএস স্ক্রিন সবচেয়ে ভালো ভিউয়িং অ্যাংগেল দেখাতে পারে আর টুইস্টেড নেমাটিক স্ক্রিন সবচেয়ে খারাপ ভিউয়িং অ্যাংগেল দেখায়। বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, শোয়ার ঘরের জন্য টেলিভিশন সেট কিনতে হলে আইপিএস স্ক্রিনের টিভি কেনা ভালো আর এইচডিটিভি কেনার সময় কনট্রাস্ট ও বিভিন্ন মডেলের মধ্যে ছবির মান দেখে কিনুন।
টিভিতে শব্দের মান যাচাই
টেলিভিশন কেনার আগে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করা উচিত আর তা হলে টিভির শব্দের মান। হালকা-পাতলা টেলিভিশনগুলোর ক্ষেত্রে বড় দুর্বলতা হচ্ছে এর শব্দের মান তুলনামূলকভাবে উন্নত হয় না। তাই টিভি কেনার আগে এ বিষয়টিও মাথায় রাখা উচিত।