সার্চ ইঞ্জিন গুগল একটি টেলিভিশন সেবা কার্যক্রম চালু করেছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে এই সেবার উদ্বোধন করা হয়। স্মার্ট টিভি সার্ভিস নামে এই সেবায় গ্রাহকেরা একই সঙ্গে টেলিভিশনের অনুষ্ঠান ও ইউটিউবের মতো বিভিন্ন ওয়েবসাইটের বিষয়বস্তু দেখতে পারবেন। এ জন্য গ্রাহককে তাঁর টেলিভিশনে গুগল বক্সের সংযোগ নিতে হবে। গুগল বক্স টেলিভিশনের সঙ্গে সংযোগ দিলেই গ্রাহক বিভিন্ন ওয়েব টেলিভিশনে দেখতে পারবেন। এ জন্য চাই বিশেষ টেলিভিশন সেট। জাপানের সনি করপোরেশন এই টেলিভিশন তৈরি করেছে। আগামী শরতে ওই টিভি সেট বাজারে আসবে। গুগলের কর্মকর্তা ঋষিচন্দ্র বলেন, ‘আমি আশাবাদী, দর্শক এই টেলিভিশনে ছবি দেখে ব্যাপক আনন্দ পাবে। কেননা এর ছবি হবে অনেক বড় এবং উজ্জ্বল।’ তিনি বলেন, ‘বেশিসংখ্যক লোকের কাছে পৌঁছানোর সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে টেলিভিশন। এ জন্য আমরা এ রকম একটি সেবা চালু করেছি।’ তিনি আরও বলেন, ভবিষ্যতে মোবাইল ফোন বা পারসোনাল কম্পিউটারের চেয়ে ওয়েবের সার্ফিং সবচেয়ে বেশি হবে টেলিভিশনে। টেলিভিশন হয়ে উঠবে ইন্টারনেট ব্যবহারের সবচেয়ে ভালো মাধ্যম। ঋষিচন্দ্র বলেন, ‘আমরা আপনার টিভিকে পরিণত করব একটি ভালো গেম কনসোলে, একটি ফটো ভিউয়ার ও একটি মিউজিক প্লেয়ারে।’ —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান