টিভিতেও ভাইরাস ঝুঁকি!

এখন আর নিরাপদ নয় ইন্টারনেটের সুবিধাযুক্ত কোনো যন্ত্রই। কম্পিউটার, মোবাইল ফোনে ক্ষতিকর ভাইরাস যেভাবে আক্রমণ করছে একই রকমভাবে স্মার্ট টিভি বা ইন্টারনেট সুবিধার টিভিগুলোর ক্ষেত্রেও ভাইরাস আক্রমণের ঝুঁকি রয়েছে। রাশিয়ার অ্যান্টি ভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবস সম্প্রতি এ তথ্য জানিয়েছে।
ক্যাসপারস্কি ল্যাবসের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইউজিন ক্যাসপারস্কি জানিয়েছেন, ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারে ক্ষতিকর ভাইরাস আক্রমণ করলে যে ক্ষতি করতে পারে টেলিভিশনে ভাইরাস আক্রমণের ফলে একইরকম ক্ষতির মুখে পড়তে হবে। অন্যান্য যন্ত্রের মতোই টিভিও ভাইরাস আক্রমণের ঝুঁকিতে রয়েছে।
সম্প্রতি টেলিগ্রাফ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে টেলিভিশনে ভাইরাস আক্রমণের ঝুঁকির কথা জানান বিশ্বের চতুর্থ বৃহত্তম ডেস্কটপ অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইউজিন ক্যাসপারস্কি।
অবশ্য এখন পর্যন্ত কোনো টিভি ভাইরাসের কথা উল্লেখ করেননি তিনি। ইউজিন ক্যাসপারস্কি জানিয়েছেন, টেলিভিশনের ক্ষেত্রে উল্লেখ ভাইরাস না থাকলেও এই অবস্থার পরিবর্তন হতে দেরি নেই। টেলিভিশনে ইন্টারনেট সুবিধা যুক্ত হওয়ায় ডেস্কটপ বা ল্যাপটপ বা মোবাইল ফোনের মতোই টেলিভিশনও এখন ঝুঁকিতে।