টিভির পরেই খবরের উৎস ল্যাপটপ ও মোবাইল ফোন!
খবর শোনার জন্য এখনও জনপ্রিয় মাধ্যম হিসেবে শীর্ষস্থানটি ধরে রেখেছে টেলিভিশন। তবে টেলিভিশনের পরেই খবর শোনা ও দেখার জনপ্রিয় উত্স হচ্ছে ল্যাপটপ ও স্মার্টফোন।সমপ্রতি ইনসাইট কনসাল্টিং নামের যুক্তরাজ্যের জরিপ প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।বিভিন্ন দেশের প্রায় চার হাজার ব্যক্তিকে নিয়ে পরিচালিত এক জরিপে দেখা গেছে, মানুষ সংবাদের উৎস হিসেবে টিভিকেই গুরুত্ব দেন। এ জরিপের শতকরা ৪২ শতাংশ টেলিভিশন সংবাদ দেখার কথা জানিয়েছেন। এরপরই ২৯ শতাংশ সংবাদের উৎস হিসেবে ল্যাপটপ এবং ১৮ শতাংশ খবরের উত্স হিসেবে মোবাইল ফোনের কথা বলেছেন। ট্যাবলেটে খবর পড়েন ১০ শতাংশ।গবেষকেরা জানিয়েছেন, সংবাদের উৎস হিসেবে ল্যাপটপ, মোবাইল ফোন, ট্যাবলেটের ব্যবহার শিগগিরই টিভিকে ছাড়িয়ে যাবে। তবে জরিপে জানা গেছে, বর্তমানে মানুষ দিনের বেলায় টিভির বিকল্প মাধ্যম হিসেবে মোবাইল ফোন ও ল্যাপটপে খবর পড়েন এবং দেখেন। আর সন্ধ্যার পর বসে যান টিভির সামনে।