টিম কুকের অ্যাপল

অ্যাপল কম্পিউটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে টিম কুকের দায়িত্ব গ্রহণের পাঁচ বছর পূর্ণ হয়েছে গত বুধবার। ২০১১ সালের ২৪ আগস্ট সাবেক সিইও স্টিভ জবসের স্বাস্থ্যের অবনতি হলে উত্তরসূরি হিসেবে টিম কুককে নির্বাচন করে যান তিনি। জবসের মতো একজন সৃজনশীল নেতার উত্তরসূরি হিসেবে কতটা সফলতার স্বাক্ষর রাখতে পারবেন, সেটাই সে সময় ছিল সবচেয়ে বড় প্রশ্ন। পাঁচ বছর পরে এখনো প্রশ্নটা রয়েই গেছে। অবশ্য জবস নিজেই বলেছিলেন, আমি বিশ্বাস করি অ্যাপলের সর্বোচ্চ উন্নতি এবং উদ্ভাবনের দিন আসছে সামনে। স্টিভ জবসের সে কথা কতখানি ঠিক ছিল তা পাঁচ বছর পর এখন টিম কুকের কাজের সঙ্গে মিলিয়ে দেখা যেতে পারে।
তাঁর সফলতা
কুকের হাতে অ্যাপলের অনেক সফলতার গল্প আছে। বড় আইফোন তৈরির পেছনে কাজ করেছেন টিম কুক। এই ফোনই রেকর্ড পরিমাণ লভ্যাংশ এনে দিয়েছে অ্যাপলকে। একাধিক আইফোন এখন অ্যাপলের ঝুলিতে। চীনের সবচেয়ে বড় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে অ্যাপল, সে-ও কুকের সাফল্য। এখন চোখ ভারতে। কুকের নেতৃত্বে পরিবেশরক্ষায় কাজ করেছে অ্যাপল। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন—এফবিআইয়ের সঙ্গে আইফোনের নিরাপত্তা নিয়ে লড়েছেন, ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তা যে অ্যাপলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা বুঝিয়ে দিয়েছেন হাড়ে হাড়ে। জয়ীই বলা চলে তাঁকে।
তাঁর ব্যর্থতা
এদিকে আইফোন-নির্ভরতা মূলত অ্যাপলের জন্য খারাপ। স্মার্টফোনের বিক্রি কমে যাওয়ায় এরই মধ্যে আয় কমেছে প্রতিষ্ঠানটির। অ্যাপল ওয়াচ জনপ্রিয় হবে কি না সেটা এখনো নিশ্চিত নয়। একই পরিস্থিতিতে আছে অ্যাপল মিউজিক। ২০১২ সালে অ্যাপল ম্যাপের ঘটনা মনে আছে? ভুলে ভরা ম্যাপের জন্য ক্ষমাও চাইতে হয়েছে কুককে। এমনকি ভুল শুধরে নেওয়ার আগ পর্যন্ত অন্যদের সফটওয়্যার ব্যবহারের পরামর্শও দিতে হয় তাঁকে। কুক প্রথমত পণ্য ও সেবায় সূক্ষ্মতা এনেছেন, এই যেমন অ্যাপল টিভি ও আইপ্যাড। যদিও এ সমন্বয়টা প্রশংসার দাবি রাখে, তারপরেও বলতে হয় নতুন কোনো অবস্থান কিন্তু তৈরি করা যায়নি।
সামনের দিনগুলো
গাড়ি, ভার্চ্যুয়াল রিয়েলিটি, স্বাস্থ্যসেবা এবং স্মার্ট ঘরের মতো নতুন নতুন ক্ষেত্রে অ্যাপল কাজ শুরু করেছে বলে খবরে এসেছে। ঘোষণা আসতে অবশ্য এখনো বাকি। যন্ত্রাংশ নিয়ে কাজ তো অনেক হলো, অ্যাপলের উচিত এখন সফটওয়্যার নিয়ে কাজ করা। আইফোন এবং ডিজিটাল সহকারী সিরিকে আরও চৌকস করে তোলা, যেন মানুষের বলার আগেই সে অনুমান করতে পারে কী আদেশ আসতে পারে। অনেক কিছুই করার আছে কুকের। তবে পাঁচ বছরে তাঁর নেতৃত্বের অ্যাপল দেখে অন্তত বলা চলে, সঠিক পথেই এগোচ্ছে প্রতিষ্ঠানটি।
অনামিকা মন্ডল, সূত্র: সিনেট