টিম কুকের নিরাপত্তায়

বিশ্বের সবচেয়ে লাভজনক প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপলের প্রধান নির্বাহী তিনি। তাঁর নিরাপত্তার বিষয়টিও তাই হওয়া চাই এক নম্বরের। আর টিম কুকের নিরাপত্তায় অ্যাপল কর্তৃপক্ষের অর্থ খরচেও কোনো কার্পণ্য নেই। টিম কুকের নিরাপত্তায় বছরে প্রায় সাত লাখ ডলার বা পাঁচ কোটি ৪৫ লাখ টাকার মতো খরচ করছে অ্যাপল। ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেওয়া সাম্প্রতিক এক প্রতিবেদনে অ্যাপলই এ তথ্য জানিয়েছে। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।
অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মীদের নিরাপত্তা বাবদ বাড়তি কোনো টাকা অ্যাপল খরচ করে না। তবে, টিম কুককে বাড়ি ও ব্যক্তিগত নিরাপত্তার খরচ দেয় অ্যাপল। কারণ, তিনি কোম্পানি ও শেয়ারহোল্ডারদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি।
অবশ্য, টিম কুককে নিরাপত্তা বাবদ অ্যাপল যে বাড়তি অর্থ দেয় তা অন্যান্য সিইওদের তুলনায় সামান্যই বলতে হয়। ২০১৩ সালে আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসের পেছনে নিরাপত্তা বাবদ খরচ হয়েছে ১২ কোটি ৪৫ লাখ টাকা আর ওরাকলের সাবেক প্রধান নির্বাহী ল্যারি অ্যালিসনের পেছনে খরচ হয়েছে ১১ কোটি ৪৭ লাখ টাকার মতো। সে হিসাবে টিম কুকের নিরাপত্তায় বছরে প্রায় সাত লাখ ডলার বা পাঁচ কোটি ৪৫ লাখ টাকার মতো খরচ, সামান্যই তো!