টিয়ান ইউয়ের জীবনের দামে আইফোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরুণী টিয়ান ইউ
তরুণী টিয়ান ইউ

চীনের আইফোন আর আইপ্যাড তৈরির একটি কারখানায় ১৭ বছরের তরুণী টিয়ান ইউ দিনে টানা ১২ ঘণ্টা কাজ করছিলেন, সপ্তাহে ছয় দিন। অতিরিক্ত কাজের চাপে টিয়ান ভুলে গিয়েছিলেন নাওয়া-খাওয়া। একদিন সেই মেয়েটিই চার তলার জানালা গলে নীচে লাফ দিয়ে পড়লেন। গার্ডিয়ানে প্রকাশিত হয়েছে চীনের ফক্সকন কারখানার কর্মী টিয়ানের তিন বছর আগের সেই অভিজ্ঞতা নিয়ে একটি প্রতিবেদন।
২০১০ সালের ১৭ মার্চ সকাল আটটার দিকে আত্মহত্যার চেষ্টা করেন টিয়ান ইউ নামের এ তরুণী। চীনের সেনঝেন এলাকার একটি কারখানার চতুর্থ তলার ডরমিটরির একটি জানালা দিয়ে লাফ দেন তিনি। ফেব্রুয়ারি মাস থেকেই টিয়ান আইফোন ও আইপ্যাড যন্ত্রাংশ জোড়া লাগানোর অ্যাসেম্বলিং লাইনে কাজ করছিলেন।
ফক্সকনের লংহুয়া ফ্যাসিলিটিজে টিয়ানের মতো হাজার হাজার মেয়ে কাজ করে। টিয়ানের মতোই অসংখ্য কর্মী অ্যাপল ছাড়াও স্যামসাং, সনি, ডেল ও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানের স্মার্টফোন, ট্যাবলেট তৈরিতে কাজ করছেন সেখানে।
ফক্সকন মূলত অ্যাপলের পণ্য তৈরির জন্য বিখ্যাত। এর কল্যাণে মার্কিন প্রতিষ্ঠানটি বর্তমানের এই অবস্থানে পৌঁছাতে পেরেছে। শুধু ২০১০ সালে এ লংহুয়া থেকে প্রতিদিন এক লাখ ৩৭ হাজার আইফোন তৈরি হয়েছে; তবে ওই বছরেই ২৫ বছরের কম বয়সী ১৮ জন কর্মী আত্মহত্যার চেষ্টা করেন, যার মধ্যে ১৪ জনই মারা যান।

টিয়ান সেই ভাগ্যবানদের একজন যে ১২ দিনের কোমা পার করেও মেরুদণ্ডে আঘাত আর পক্ষাঘাত নিয়ে বেঁচে যান। তখন তার বয়স ছিল সবে ১৭।

অ্যাপলের পণ্য তৈরির কারখানা থেকে ইচ্ছামৃত্যুর মিছিলের খবর হুহু করে ছড়িয়ে পড়ে। শুরু হয় মানবাধিকার কর্মীদের দৌড়ঝাঁপ। চলে অনুসন্ধান। দ্রুত ব্যবস্থা নেয় ফক্সকন কর্তৃপক্ষ। ব্যবস্থা হিসেবে নেওয়া হয় আত্মহত্যা ঠেকানোর জাল। ফক্সকন কারখানার চারপাশে নিরাপত্তা জাল লাগিয়ে চেষ্টা করা হয় আত্মহত্যা ঠেকানোর।

শুরু হয় নানা বিতর্ক। বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হতে থাকে ফক্সকন কারখানার কর্ম পরিবেশ নিয়ে প্রতিবেদন। চীনে আত্মহত্যার প্রবণতা বেশি এ বিষয়টিও আলোচনায় আসে। প্রশ্ন কিন্তু প্রশ্নেই থেকে যায়। যে তরুণ বা তরুণী গ্রাম থেকে শহরে ভাগ্য বদলানোর জন্য আসে সে কেন বেছে নেবে এমন আত্মহত্যার পথ?

টিয়ানের ঘটনার তিন বছর পার হয়ে গেছে, থেমে গেছে সে বিতর্ক; চাপা পড়ে গেছে হূদয়বিদারক অনেক ঘটনাই। এখন হয়তো মানবাধিকার কর্মীরা কখনও কখনও এসব কথা তোলেন। কিন্তু নিপীড়িত কর্মীদের কথা শোনার কেউ নেই। এদেরই একজন টিয়ান ইউ।

সম্প্রতি ‘নিউ টেকনোলজি, ওয়ার্ক অ্যান্ড ইমপ্লয়মেন্ট’ সাময়িকীতে টিয়ান ইউয়ের সাক্ষাত্কার প্রকাশিত হয়েছে।

এই সাক্ষাত্কারে উঠে এসেছে কীভাবে বড় বড় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো কর্মীদের নিষ্পেষিত করছে আর চীনের প্রত্যন্ত অঞ্চলের গরিব আর তরুণদের স্বপ্ন কীভাবে কারখানার মধ্যেই ফিকে হয়ে যাচ্ছে সে সব কথা।

টিয়ানের পরিবার ছিল খুব গরিব। পরিবারের সামান্য স্বচ্ছলতার জন্য গ্রাম ছেড়ে অ্যাপলের পণ্য তৈরির কারখানায় কাজ পেয়েছিল সে। বাড়ি ছেড়ে আসার সময় টিয়ানের বাবা উপহার হিসেবে তার হাতে তুলে দিয়েছিলেন ৫০০ ইউয়ান আর একটি পুরোনো মোবাইল ফোন। এরপর সাতশো মাইল দূরে এক ফক্সকনের কারখানা হয়ে উঠেছিল টিয়ানের জীবন।

টিয়ান বলেন, এ কারখানায় কারও সঙ্গে কথা বলার কোনো অনুমতি ছিল না। বোবার মতো কাজ করে যেতে হয় ঘণ্টার পর ঘণ্টা। দিনের রুটিনে কখনও আশ্চর্যের কিছু নেই। কাজের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তারা হয়তো একে একে জিজ্ঞাসা করতেন, কেমন চলছে? তখন জোরে জোরে উত্তর দিতে হত, ‘গুড! ভেরি গুড! ভেরি, ভেরি গুড!’ আর এরপরই সুনসান নীরবতা।

নিজের ফক্সকনে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে টিয়ান বলেন, টানা ছয় দিন ১২ ঘণ্টারও বেশি সময় ধরে কাজ করেছেন তিনি। প্রতিদিন সকালে বাধ্যতামূলক সভাতে অংশ নিতে হয়েছে তাঁকে। যখন অতিরিক্ত সময় কাজ করতেন তখন খাওয়ার জন্য কোনো বিরতি মিলত না। টয়লেটে যাওয়ার ক্ষেত্রেও ছিল বাধ্যবাধকতা। কাজে ভুল হলে গালাগালি। কাজের জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থাও নেই।

টিয়ান বলেন, কাজ শুরুর পর তাকে সপ্তাহে প্রতিদিন কাজ করতে হয়েছিল। অনেকে লংহুয়া কারখানাকে অনেক সুযোগ সুবিধা যুক্ত বলে মনে করেন কিন্তু এ কারখানার যে ডরমিটরিতে তিনি থাকতেন সেখানে তাঁর মতো আরও আটজন একসঙ্গে গাদাগাদি করে থাকত। এদের কারও নামও জানতেন না তিনি। কাজের শিফট নির্ধারিত ছিল না। ফলে ঘুমানোর সময় পেতেন না তিনি।

বাড়ি থেকে অনেক অনেক দূরে ১৭ বছরের টিয়ান কাজের চাপে দিনের পর দিন ভেঙে পড়ছিলেন। কিন্তু এক মাস কাজ শেষেও যখন প্রশাসনিক নিয়ম লঙ্ঘনের অজুহাতে টিয়ানের পারিশ্রমিক দেওয়া হয়নি তখন ভেঙে পড়েন তিনি। হতাশ আর বিষণ্ন টিয়ান ঝাঁপ দেন কারখানার ডরমিটরির জানালা দিয়ে। অতিরিক্ত সময় আর মাসের বেতন মিলিয়ে টিয়ানের পাওনা দাঁড়িয়েছিলেন ১৪০ ব্রিটিশ পাউন্ড যা একটি আইফোনের দামের চার ভাগের এক ভাগ।

টিয়ানের কথা জানাজানি হয়ে গেলে ফক্সকন ও অ্যাপল দ্রুত ব্যবস্থা নিতে শুরু করে। নিয়ম আরও কড়া করে ফক্সকন আর অ্যাপল কাজের পরিবেশ উন্নত করার ঘোষণা দেয়। কিন্তু এ কাজে অ্যাপলের কাছ থেকে কোনো অর্থ ছাড় করা হয়নি এমন অভিযোগও রয়েছে। পাশাপাশি ফক্সকন কর্মীদের কোনো নিয়ম শিথিল হয়েছে এমন নজিরও নেই। এ প্রসঙ্গে অ্যাপলের কর্মকর্তারা মুখ খুলতেও নারাজ। তাঁদের যুক্তি হিসেবে ‘সাপ্লায়ার রেসপন্সিবিলিটি প্রতিবেদন’ দেখার কথা বলে যাতে অ্যাপল কর্মীদের কাজে নিয়োগ আর তারা কীভাবে পড়াশোনার সুযোগ পেতে পারে তার বাইরে আর কিছু নেই।

টিয়ানের আত্মহত্যা চেষ্টার পর তাকে মানবিক সাহায্য হিসেবে বাড়ি ফিরে যাওয়া আর চিকিত্সার জন্য শুধু ১৮ হাজার পাউন্ড দেওয়া হয়। টিয়ানের বাবা পক্ষাঘাতগ্রস্ত টিয়ানের প্রসঙ্গে বলেন, আমরা যেন আমাদের মেয়ের জীবন বিক্রির অর্থ পেয়েছি। অ্যাপল কর্মী টিয়ান সামান্য অর্থের জন্য বেছে নেন আত্মহত্যার পথ আর সেখানে ২০১২ সালে ৪০ লাখ ডলার বার্ষিক বেতন নিয়েছেন অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী টিম কুক।