টুইট ছেড়ে লেখক!
সামাজিক যোগাযোগের ক্ষেত্রে মাইক্রো ব্লগিং ওয়েবসাইট বা ‘খুদে ব্লগ’ টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ক্রিস্টোফার আইজ্যাক বিজ স্টোন কেবল ১৪০ অক্ষরে মনের কথা লেখাতেই আটকে থাকছেন না। এক খবরে হাফিংটন পোস্ট জানিয়েছে, সম্প্রতি একটি বই লেখার পরিকল্পনা করেছেন তিনি। বইটির নাম হবে ‘থিংস এ লিটল বার্ড টোল্ড মি’।বিজ স্টোনের লেখা বইটির প্রকাশক যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড সেন্ট্রাল পাবলিশিং। ২০১৪ সালের এপ্রিল মাসে এই বইটি বাজারে আসবে। ‘থিংস এ লিটল বার্ড টোল্ড মি’ নামের বইটিতে টুইটার তৈরির কাহিনি, নিজের সৃষ্টিশীল পরিকল্পনা ও ব্যক্তিগত জীবন নিয়ে লেখার পরিকল্পনা করেছেন টুইটারের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্বরত ৩৮ বছর বয়সী বিজ স্টোন।উল্লেখ্য, লেখক হিসেবে বিজ স্টোন তাঁর ব্লগিং বিষয়ক ‘ব্লগিং: জিনিয়াস স্ট্র্যাটেজিস ফর ইনস্ট্যান্ট ওয়েব কনটেন্ট’ ও ‘হু লেটস দ্য ব্লগ আউট?’ বই দুটির কারণে ইতিমধ্যেই খ্যাতি পেয়েছেন।