টুইট বার্তা সংরক্ষণ করবে লাইব্রেরি অব কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুদে ব্লগ লেখার জনপ্রিয় ওয়েবসাইট টুইটারের প্রথম টুইটটি (টুইটার ব্যবহারকারির লেখা বার্তা) হয়তো সরস কিছু নয়। কিন্তু এটি ইতিহাসের একটি অংশ হতে যাচ্ছে। মার্কিন কংগ্রেসের গ্রন্থাগার লাইব্রেরি অব কংগ্রেসে এ পর্যন্ত টুইটারে যত টুইট পাঠানো হয়েছে, সব সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে। টুইটার কর্তৃপক্ষ জানায়, ২০০৬ সালে টুইটার চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত কয়েক শ কোটি টুইট বার্তা লেখা হয়েছে। এ ছাড়া প্রতিদিন ৫০ কোটি টুইট বার্তা প্রকাশ করা হয়। লাইব্রেরি অব কংগ্রেসের ডিজিটাল মহাফেজখানায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার টুইট বার্তাও সংরক্ষণ করা হবে। টুইটারের কর্মকর্তা ম্যাকহিলিভ্রে জানান, ‘আমি মনে করি এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ এবং সবাই এই উদ্যোগকে স্বাগত জানাবে।’ ম্যাট রেমন্ড নামে আরেকজন কর্মকর্তা বলেন, সংরক্ষিত এসব টুইট বার্তা স্বাধীনতার ঘোষণার মতো ঐতিহাসিক দলিল হিসেবে কাজ করবে। এসব টুইট বার্তা তথ্যভান্ডার হিসেবেও কাজ করবে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তাভাবনায় কীভাবে পরিবর্তন আসে তা এসব টুইট বার্তা থেকে বোঝা যাবে। গত বছর ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের সময়, ২০০৮ সালের নভেম্বরে মুম্বাই হামলা ও হাইতির ভূমিকম্পের পর টুইটারের ব্যাপক ব্যবহার হয়। লোকজন প্রচুর বার্তা পাঠায় টুইটারে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান