টুইটার আর্কাইভ দেখার সময় বাড়ছে
মাইক্রোব্লগিং সাইট টুইটারের অংশীদার যুক্তরাজ্যভিত্তিক অনলাইন প্রতিষ্ঠান ডেটাশিফট সম্প্রতি টুইটারের আর্কাইভ নিয়ে এক অনলাইন সার্ভিস শুরু করেছে। এই সার্ভিসের আওতায় টুইটার আর্কাইভ দেখার সময় আরও বাড়িয়ে দিচ্ছে ডেটাশিফট। সার্ভিসটি নিয়ে বাজার গবেষণাবিষয়ক প্রতিষ্ঠানগুলো গত দুই বছরের প্রয়োজনীয় সব ধরনের টুইট বিশ্লেষণের সুযোগ পাবে। বিবিসির এক খবরে এই তথ্য দেওয়া হয়েছে। বাজার বিশ্লেষণ করে প্রচারণায় বা বিজ্ঞাপন-সংশ্লিষ্ট কাজে ২০১০ সালের জানুয়ারি মাস পর্যন্ত আর্কাইভ থেকে টুইট দেখতে পারবে প্রতিষ্ঠানগুলো। এর আগে কোনো প্রতিষ্ঠানের পক্ষে সর্বোচ্চ এক মাসের টুইট দেখার সুযোগ ছিল। ডেটাশিফটের মার্কেটিং ম্যানেজার টিম ব্রেকার জানিয়েছেন, অনলাইনে নতুন একটি সার্ভিস এনেছে ডেটাশিফট। এই সার্ভিসটির মাধ্যমে টুইট আর্কাইভ ব্যবহার করে বাজার বিশ্লেষণের সুযোগ পাওয়া যাবে। প্রযুক্তির ক্ষেত্রে এমন সুযোগ আগে কেউ দেয়নি। টিম ব্রেকার আরও জানিয়েছেন, প্রতিদিন প্রায় ২৫ কোটি টুইট জমা হয় আর্কাইভে। এগুলো বিশ্লেষণ করে ইতিবাচক বা নেতিবাচক ফল জানা সম্ভব। এই আর্কাইভের জন্য ডেটাশিফট অনেক প্রতিষ্ঠানের কাছ থেকে সাড়া পেয়েছে। এদিকে প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, তথ্য আকারে পুরোনো টুইট বিক্রি করছে টুইটার কর্তৃপক্ষ। এ বিষয়ে তাদের আইনগত বাধাও নেই। পুরোনো টুইট মুছে ফেলার প্রয়োজন থাকলে তা দ্রুতই মুছে ফেলার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা।